০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

মুক্তিযুদ্ধের ‘সঠিক ইতিহাস’ সামনে আনতে হবে: জামায়াত আমির

মুক্তিযুদ্ধে শহীদদের সঠিক রেকর্ড কেনো থাকল না বলে প্রশ্ন তুলেছেন জামায়াতে শফিকুর রহমান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2026, 11:57 PM

Updated : 19 Sep 2026, 02:25 PM

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, “মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সামনে আনতে হবে; এটা সরকারের দায়িত্ব। আমি সরকারকে অনুরোধ করব, আপনারা উদ্যোগ নিন, সঠিক ইতিহাসের সূচনা করুন।” 

মঙ্গলবার রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ান ইনিশিয়েটিভ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

‘আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব ২০২৪’ বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য দিয়েছে জামায়াতের প্রচার বিভাগ।

অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা বলেন, “আফসোসের বিষয়, স্বাধীনতার ৫৫ বছর পার হতে চলল, অথচ মুক্তিযোদ্ধা ও শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা হল না। শুনেছি, মাত্র স্বল্প সংখ্যক শহীদ মুক্তিযোদ্ধা ভাতা পান। বলা হয়, এত লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, তাহলে তাদের সঠিক রেকর্ড কেনো থাকল না?”

২০২৪ সালের ৫ অগাস্ট রাজনৈতিক পট পরিবর্তনের আগে রাজনীতিবিদদের কণ্ঠে যে সুর ছিল, তা এখন আস্তে আস্তে বদলে যাচ্ছে বলে মন্তব্য করেন জামায়াতের আমির। তিনি বলেন, “২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির (ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন) পর তা ব্যাপকভাবে বদলে গেছে। একটি বিশেষ রাজনৈতিক মহল নতুন ন্যারেটিভ দাঁড় করাচ্ছেন, বয়ান তৈরি করছেন।

“একটি গণতান্ত্রিক সমাজে জনগণের অভিপ্রায় সর্বোচ্চ মর্যাদা পায়। গণভোটে ৭০ ভাগ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছে। সরকারি দল তা মানবে না, তা হতে পারে না। মানতেই হবে। মানতে বাধ্য করা হবে।”

শফিকুর রহমান বলেন, ‘জুলাই ভুলিয়ে দেওয়ার জন্য আমাদেরকে অনেক প্রস্তাব দেওয়া হচ্ছে। আমাদের সোজাসাপটা কথা, জুলাই ভুলিয়ে দেওয়ার সকল অপচেষ্টা তছনছ করে দেওয়া হবে। জনগণ যে রায় দিয়েছে, সেটাই মানতে হবে। তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে চাই না। কেউ করলে আমরা তা মানব না।” 

অনুষ্ঠানে জামায়াতের সংসদ সদস্য রফিকুল ইসলাম খান, নুরুল ইসলাম বুলবুলসহ আরো অনেকে বক্তব্য দেন।