Published : 19 Apr 2026, 06:06 PM
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন ‘আপ বাংলাদেশ’র আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাতসহ বিভিন্ন প্লাটফর্মের ৪৭ জন।
রোববার দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
এনসিপিতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশীদ, এবি পার্টির নেতা সানি আব্দুল হক, আপ বাংলাদেশের মুখপাত্র শেহরীন সুলতানা ইরা।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, “যারা যুক্ত হয়েছেন, তারা যে আমাদের থেকে খুব আলাদা ছিল—এমন না। তারা ভিন্ন ভিন্ন প্লাটফর্মে একই লক্ষ্যে কাজ করেছে।
“যেহেতু একই লক্ষ্যে বিভিন্ন প্লাটফর্মে কাজ করেছেন, আমাদের কাছে মনে হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের দল হিসেবে এনসিপিকে শক্তিশালী করা, তরুণদের শক্তিকে শক্তিশালী করার কোনো বিকল্প এখন নাই।”
বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, “এই নির্বাচনের মধ্য দিয়ে যেভাবে গণভোটকে অস্বীকার করা হয়েছে, গণভোটের জনরায়কে অস্বীকার করা হয়েছে, যেভাবে চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাস সারাদেশে ছেয়ে যাচ্ছে; এখানে আমাদেরকে একটি বিকল্প শক্তি গড়ে তুলতে হবে।"
সংবাদ সম্মেলন পরিচালনা করেন দলের এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া৷ এসময় দলের অন্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।