ছাত্রদলে ছাত্র নেই? নাছির বললেন, সালমান মুক্তাদিরের ‘ধারণাই নেই’
“আপনি যেকোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে আসুন; আমাদের নিয়মিত শিক্ষার্থীরা আপনাকে স্বাগত জানাবে,” লিখেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক।
দেশের বর্তমান ছাত্ররাজনীতি সম্পর্কে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘পূর্ণাঙ্গ ধারণার’ অভাব দেখছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
‘ছাত্রদলে ছাত্র নেই’— মুক্তাদিরের এমন মন্তব্যের জেরে নাছিরের কাছ থেকে এ প্রতিক্রিয়া এল।
মঙ্গলবার ফেইসবুক পোস্টে নাছির লিখেছেন, “জনাব সালমান মুক্তাদিরের একটি বক্তব্য আমার গোচরীভূত হয়েছে। তিনি বলেছেন, ‘ছাত্রদলে কোনো ছাত্র নেই।’ তার এ মন্তব্য থেকে আমার মনে হয়েছে, দেশের ছাত্ররাজনীতির বর্তমান বাস্তবতা সম্পর্কে হয়তো তার পূর্ণাঙ্গ ধারণা নেই।”
নাছিরের ভাষ্য, “ফ্যাসিস্ট শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে তরুণ প্রজন্মের একটি অংশের মধ্যে যে রাজনীতিবিমুখতা সৃষ্টি হয়েছিল, তার প্রভাব হয়তো এমন ধারণার জন্ম দিয়েছে। কিন্তু বাস্তবতা হলো, বর্তমানে দেশের দুই হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হচ্ছে, এবং এসব প্রতিষ্ঠানে আমাদের নেতাকর্মীদের সিংহভাগই নিয়মিত শিক্ষার্থী।”
সোমবার সাংবাদিক খালিদ মহিউদ্দিনের সঙ্গে এক টক শোতে অংশগ্রহণ করেন সালমান মুক্তাদির। ছাত্রদলে ছাত্র না থাকার মন্তব্যটি তিনি সেখানেই করেন। তার এ মন্তব্যের জবাব আসে নাছিরের মঙ্গলবার বিকালের ফেইসবুক পোস্টে।
নাছির লিখেছেন, “বিগত সতেরো বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছাত্রদলের নিয়মিত শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ও সাহসী ভূমিকা পালন করেছেন। পরীক্ষার হল ও ক্লাসরুম থেকে ধরে নিয়ে অনেককে নির্যাতন করে কারাগারে পাঠানো হয়েছে। এমনকি কারাগারে বন্দি অবস্থায়ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী পরীক্ষায় অংশ নিয়েছেন। শিক্ষা ও রাজনৈতিক অধিকার— দুটিই ধরে রাখার জন্য তাদের এই ত্যাগ ও সংগ্রামের ইতিহাস অস্বীকার করার সুযোগ নেই।”
সবশেষ জুলাই গণঅভ্যুত্থানেও ওয়াসিম আকরামসহ ছাত্রদলের অনেক নিয়মিত শিক্ষার্থী শহীদ হয়েছেন বলে ফেইসবুকে লিখেছেন ছাত্রদলের এ কেন্দ্রীয় নেতা।
“তাদের আত্মত্যাগই প্রমাণ করে, দেশের গণতান্ত্রিক আন্দোলনে নিয়মিত শিক্ষার্থীদের অংশগ্রহণ কতটা গভীর ও বাস্তব,” বলেন নাছির।
সালমান মুক্তাদিরকে আমন্ত্রণ জানিয়ে তিনি লিখেন, “ তাই জনাব সালমান মুক্তাদিরের প্রতি আমার আন্তরিক আমন্ত্রণ— আপনি আপনার পছন্দমতো বাংলাদেশের যেকোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে আসুন। আমাদের নিয়মিত শিক্ষার্থীরা আপনাকে স্বাগত জানাবে। তাদের সঙ্গে কথা বলুন, খোঁজ নিন, বাস্তবতা নিজ চোখে দেখুন। আশা করি, তখন আপনার ভুল ধারণার অবসান হবে এবং আপনি উপলব্ধি করবেন, ছাত্রদলে নিয়মিত শিক্ষার্থীর সংখ্যাই সিংহভাগ।”
