১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আশিকা সুলতানা

দুই দফায় ৬ দিনের রিমান্ড শেষে আশিকা সুলতানাকে এদিন আদালতে হাজির করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2026, 03:38 PM

Updated : 11 Sep 2026, 03:33 PM

মিরপুর মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ড শেষে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য আশিকা সুলতানাকে কারাগারে পাঠানো হয়েছে।

তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন দিদারুল আলম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম জানান। 

গত বৃহস্পতিবার রাতে ঢাকার মিরপুর থেকে আশিকা সুলতানাকে গ্রেপ্তার করা হয়। পরদিন পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে। এরপর রোববার তাকে আরও তিন দিনের রিমান্ডে পাঠানো হয়।

দুই দফায় ৬ দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার আশিকা সুলতানাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মিরপুর মডেল থানার এসআই আল মামুন হোসেন। 

আবেদনে বলা হয়, “আসামিকে রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে এই আসামি এ মামলাসহ বর্তমান নির্বাচিত সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ডের ব্যাপারে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের সংশ্লিষ্টরার ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, যা যাচাই-বাছাই করা হচ্ছে। 

“পরবর্তীতে আবার জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড প্রয়োজন হতে পারে। সেজন্য তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন।” 

এ সময় আসামির পক্ষে কোনো জামিন আবেদন ছিল না জানান এসআই রফিকুল ইসলাম।

মামলার, বিবরণে বলা হয়, গত ১৯ জুন মিরপুর এক নম্বর এলাকায় আওয়ামী লীগ-ছাত্রলীগের ৪০ থেকে ৫০ জন ‘সরকারবিরোধী’ মিছিল করে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা বিভিন্ন ব্যানার ফেস্টুন রেখে পালিয়ে যায়।

পরে ভিডিওতে দেখা যায় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারা মিছিল করেছে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করে।