Published : 24 Aug 2025, 01:36 AM
দুই মাসের বেশি সময় পর দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে সাংগঠনিক কর্মকাণ্ডে ফেরাল জাতীয় নাগরিক পার্টি— এনসিপি।
'নৈতিক স্খলনজনিত' অভিযোগে তুষারকে পাঠানো কারণ দর্শানোর নোটিসও প্রত্যাহার করে নিয়েছে দলটি।
শনিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানায় এনসিপি।
এক নারীর সঙ্গে ব্যক্তিগত ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর গত ১৭ জুন তুষারকে দলের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়।
নৈতিক স্খলনের অভিযোগ এনে তুষারকে পাঁচ দিনের মধ্যে নোটিসের জবাব দিতে বলা হয়। আর বিষয়টি নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত দলীয় কর্মকাণ্ড থেকে দূরে থাকতে বলা হয় তাকে।
শনিবারের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সারোয়ার তুষারকে দেওয়া কারণ দর্শানোর নোটিসের জবাব তিনি আহ্বায়ক, সদস্য সচিব, রাজনৈতিক পর্ষদ ও এনসিপি শৃঙ্খলা কমিটিকে দিয়েছেন। “ওই জবাব বিশ্লেষণ করে ‘একান্ত ব্যক্তিগত’ যোগাযোগের ঘটনাটি নারীর প্রতি সংবেদনশীলতা এবং ন্যায় বিচারের স্বার্থে এনসিপি গভীর পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেয়।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, "সাংগঠনিক নির্দেশ মোতাবেক দেশব্যাপী জুলাই পদযাত্রা, জাতীয় ঐকমত্য কমিশনে এনসিপিকে প্রতিনিধিত্ব করা, মিডিয়ায় দলের অবস্থান তুলে ধরা, নরসিংদীতে এনসিপির পদযাত্রায় অনুপস্থিত থাকাসহ পার্টির সব সাংগঠনিক কর্মকাণ্ড থেকে তিনি বিরত থাকেন।
“সার্বিক ঘটনা, লিখিত জবাব ও আলামত বিশ্লেষণ সাপেক্ষে দুই মাস সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার পর সারোয়ার তুষারকে পুনরায় সাংগঠনিক সব কর্মকাণ্ডে পুনর্বহাল করার মাধ্যমে কারণ দর্শানোর নোটিশটি প্রত্যাহার করা হলো।”
পুরনো খবর-