Published : 09 Jul 2025, 07:56 PM
রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে যে ‘জাতীয় সনদ’ তৈরির কাজ চলছে, তার অগ্রগতি কানাডার হাই কমিশনার অজিত সিংয়ের সামনে তুলে ধরেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ।
বুধবার কমিশনের কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করতে আলী রীয়াজের সঙ্গে সাক্ষাৎ করেন কানাডার হাই কমিশনার।
কানাডা হাই কমিশনের পলিটিক্যাল কাউন্সেলর মারকাস ডেভিস ও কাউন্সেলর ও হেড অব কো-অপারেশন স্টিফেন উইভার এ সময় তার সঙ্গে ছিলেন বলে ঐকমত্য কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বৈঠকে আলী রীয়াজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপ, জাতীয় ঐক্য গঠন এবং জাতীয় সনদ প্রণয়ন বিষয়ে কানাডীয় প্রতিনিধি দলকে অবহিত করেন।
তিনি কানাডার আগ্রহকে স্বাগত জানান এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে আন্তর্জাতিক অংশীদারত্বের ওপর গুরুত্ব দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে কানাডীয় প্রতিনিধিদল কমিশনের লক্ষ্যের প্রতি তাদের ‘দৃঢ় সমর্থন’ ব্যক্ত করেন।
হাই কমিশনার অন্তর্ভুক্তিমূলক সংলাপ এবং জাতীয় ঐক্য বৃদ্ধির লক্ষ্যে নেওয়া প্রচেষ্টার ‘প্রশংসা’ করেন এবং কানাডা সরকারের পক্ষ থেকে ‘অব্যাহত সহযোগিতা ও সহায়তার’ আশ্বাস দেন।
আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের গণতান্ত্রিক উত্তরণে জুলাই মাসে জাতীয় সনদ স্বাক্ষরের কথা বলা হচ্ছে, যেখানে সংস্কারের নানা বিষয় থাকবে।
জাতীয় ঐকমত্য কমিশন বলছে, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ প্রস্তুত হচ্ছে, যা বাস্তবায়নে দলগুলো অঙ্গীকার করবে।