Published : 04 Jan 2026, 12:29 AM
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শনিবার রাতে এ সাক্ষাৎ হয়েছে।
পূজা উদযাপন পরিষদের নেতারা সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য খোলা শোক বইতে স্বাক্ষর করে তাদের সহমর্মিতা প্রকাশ করেন।
পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, প্রেসিডিয়াম সদস্য কাজল দেবনাথ, অ্যাভোকেট সুব্রত চৌধুরী, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পরিচালনা কমিটির সভাপতি চিত্র রঞ্জন মজুমদার, সাধারণ সম্পাদক ডিএন চ্যাটার্জি, মহানগর সার্বজনীন পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তাপস চন্দ্র পাল সাক্ষাতে উপস্থিত ছিলেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার ছিলেন এ সাক্ষাতে।
রাতে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানও গুলশান কার্যালয়ে যান, সেখানে শোক বইতে স্বাক্ষর করেন। পরে তিনি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।
আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, চিফ রিপোর্টার বাছির জামাল, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ, সাংবাদিক আবদুল মোমিন এসময় উপস্থিত ছিলেন।
এর আগে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন এটকো (অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স) এর সভাপতি অঞ্জন চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল গুলশানের অফিসে গিয়ে শোক বইতে স্বাক্ষর করেন। পরে তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন।