২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

মাতৃভাষা দিবসে বিএনপির দুই দিনের কর্মসূচি

একুশে ফেব্রুয়ারিতে প্রভাতফেরি করে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবেন বিএনপি নেতাকর্মীরা।

মাতৃভাষা দিবসে বিএনপির দুই দিনের কর্মসূচি

সোমবার রাজধানীর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মাতৃভাষা দিবসে কর্মসূচি ঘোষাণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2024, 01:52 PM

Updated : 19 Feb 2024, 02:08 PM

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, একুশে ফেব্রুয়ারিতে প্রভাতফেরি করে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবেন তারা।

সোমবার রাজধানীর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষাণা করেন রিজভী।

রিজভী বলেন, মঙ্গলবার দুপুর ২টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা হবে।

পরদিন ২১ ফেব্রুয়ারি ভোরে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে।

এরপর ভোর ৬টায় প্রভাতফেরির জন্য বলাকা সিনেমা হলের কাছে নেতা-কর্মীদের জড়ো হবেন। জামায় কালো ব্যাজ লাগিয়ে প্রভাতফেরি করে প্রথমে আজিমপুরে শহীদদের কবর জিয়ারত করবেন তারা। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে।

কেন্দ্রীয় কর্মসূচির মত সারাদেশে জেলা, উপজেলা ও থানা পর্যায়ের দলীয় কার্যালয়ে ২১ ফেব্রুয়ারি জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং উত্তোলন করবে কালো পতাকা। এছাড়া প্রভাতফেরি করে স্থানীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। হবে আলোচনা সভাও।

রিজভী বলেন, "আজও আমরা স্বাধীনতাহারা, আজও আমরা অধিকারহারা… এদেশের ভোটাররা ভোট দিতে পারে না, এদেশের মানুষ নির্বিঘ্নে বাড়িতে ঘুমাতে পারে না… আজকে অসংখ্য জাতীয়তাবাদী শক্তির অসংখ্য নেতা-কর্মীরা গ্রামছাড়া, এলাকাছাড়া, বাড়িছাড়া… মানুষ কোনো রকমে জীবনধারণ করছে।

"তাই একুশের ফেব্রুয়ারি চেতনা, একুশে ফেব্রুয়ারি শহীদদের আত্মদান আজও আমাদের লড়াই করতে, আজও আমাদেরকে অধিকার আদায় করতে উৎসাহিত করে..। আমরা আগামী দিনে গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসব, জনগণের মালিকানা জনগণকে ফেরত দেবে এবং মতপ্রকাশের স্বাধীনতাসহ আইনের শাসন, জনগণের শাসন প্রতিষ্ঠিত করব।”

দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, আবুল খায়ের ভুঁইয়া, আব্দুল কুদ্দুস, কেন্দ্রীয় নেতা মনির হোসেন, তারিকুল আলম তেনজিং, স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।