ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবাই এক সাথে লড়ব: রিজভী
আগরতলায় জাতীয় পতাকা অবমাননার কথা বাংলাদেশের মানুষ কোনোদিন ভুলবে না বলে মন্তব্য করেন রিজভী।
ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে তিনি বলেন, “ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনাকে রক্ষার জন্য আপনারা (ভারত) বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, বাংলাদেশের আন্দোলনকারী মানুষের বিরুদ্ধে, শহীদ মুগ্ধের বিরুদ্ধে, শহীদ আবু সাঈদের বিরুদ্ধে আপনারা প্রচারণা চালাচ্ছেন, আমাদের শহীদদের বিরুদ্ধেই সেটা যায়।
“গণতন্ত্রের জন্য আমাদের মহান আত্মত্যাগকে আপনারা ভুলণ্ঠিত করার চেষ্টা করছেন। তাতে কোনো লাভ হবে না।”
সংখ্যালঘু, বেশিষ করে হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমননার প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও’ শীর্ষক এই বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রা হয়।
সমাবেশে রিজভী ভারতকে উদ্দেশ্য করে বলেন, “ভারতের শাসকগোষ্ঠী যদি মনে করে, ‘আমি সস্প্রসারণ চালিয়ে বাংলাদেশ, নেপাল, ভুটানসহ অন্যান্য দেশ আমরা কবজা করে নেব, এটা কিন্তু আপনারা বোকার স্বর্গে বাস করছেন।
“ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা হিন্দু-মুসলমানসহ সবাই এক সাথে লড়ব। আপনারা আমাদের পতাকা আগরতলায় সরকারী হাই কমিশনের গেইট ভেঙে টেনে নামিয়ে ছিঁড়েছেন। এটা প্রচণ্ড আঘাত, আমাদেরকে বড় আঘাত দিয়েছে ভারতের সাম্প্রদায়িক শাসকগোষ্ঠী। আমরা কি এটা ভুলে যাব, এটা আমরা কোনোদিন ভুলে যাব না।”
ভারতীয় মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, “ভারতে যারা সত্যিকারের প্রগতিশীল, অসাম্প্রদায়িক তারা এই সমস্ত মিডিয়াকে বলে গদি মিডিয়া। মানে যারা গদিতে আছে তাদের তল্পিবাহক মিডিয়া। একেকটা বয়ান, একেকটা ন্যারেটিভ তৈরি করছে বাংলাদেশের বিরুদ্ধে, কারণ শেখ হাসিনার পতনটা একেবারেই মনে নিতে পারছেন না।
“আপনাদের যদি কোনো অশুভ ইচ্ছা থাকে, আমরাও তাহলে বলব, আমাদের যে নবাবের এলাকা… বাংলা-বিহার-উড়িষ্যা, আমরা সেইটা দাবি করব।”
পূজা উদযাপন ফ্রন্টের সভানেত্রী অর্পনা রায় দাসের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সমীর কুমার বসুর সঞ্চলনায় বিক্ষোভ সমাবেশে বিএনপির মীর সরাফত আলী সপু, অমলেন্দু দাস অপু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের আমীরুল ইসলাম কাগজী, সাঈদ খান, পূজা উদযাপন ফ্রন্টের দেবাশীষ রায় মধু সুরঞ্জন ঘোষ, গৌতম বৈদ্য, জয়দেব প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে নয়া পল্টন সড়ক পর্যন্ত পদযাত্রা হয়। এতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবও অংশ নেন।
