Published : 21 Jan 2026, 04:19 PM
ব্যালটসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল নির্বাচনি উপকরণ বিএনপির প্রার্থী ‘ইশরাক হোসেনের ঘনিষ্ঠজনের ভবনে’ কেন প্রশ্ন তোলা হলেও, ইসি পাল্টা ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল মান্নান।
বুধবার প্রতীক পাওয়ার পর সেগুনবাগিচার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে সাংবাদিকদের কাছে তিনি এই অভিযোগ করেন।
নির্বাচনি অফিস পরিচালনা নিয়ে আব্দুল মান্নান বলেন, "যেভাবে নির্বাচন অফিসগুলো পরিচালিত হচ্ছে, তাতে ব্যালটসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল নির্বাচনি উপকরণের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। এতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে।"
নির্বাচনি পরিবেশের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন জামায়াতের এই প্রার্থী।
তিনি বলেন, "পেশিশক্তি ও অস্ত্রের ব্যবহার–সংক্রান্ত ঘটনাগুলোর কোনো সুরাহা হয়নি। একই সঙ্গে নির্বাচনে কালো টাকার ব্যবহার একটি গুরুতর সমস্যা হয়ে রয়েছে।
"ঢাকা–৬ আসনের সব থানা পর্যায়ের নির্বাচন অফিস বর্তমানে একটি ভাড়া ভবনে পরিচালিত হচ্ছে, যার মালিকানা প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের সঙ্গে সংশ্লিষ্ট একজন ব্যক্তির বলে অভিযোগ রয়েছে।
"একই ভবনে ব্যালট পেপার, অমোচনীয় কালি ও অন্যান্য গোপন ও সংরক্ষিত নির্বাচনি উপকরণ রাখলে নির্বাচনের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।"
অভিযোগ করেও সুরাহা না পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে আব্দুল মান্নান বলেন, "এ বিষয়ে গত ১৪ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে নির্বাচন কমিশনে এসব বিষয়ে তিনি লিখিত আবেদন জমা দিয়েছি। তবে এখনো সেই আবেদন কমিশনে পাঠানো হয়নি।
এমনকি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়েও অভিযোগপত্রের গ্রহণ কপি খুঁজে পাওয়া যাচ্ছে না, বলে তারা জানিয়েছে।"