১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

‘শক্তিশালী’ বিরোধী দলের ভূমিকায় থাকবে জামায়াত: তাহের

“তারেক রহমান ও জামায়াত আমিরের এ সাক্ষাৎকার আগামীর রাজনীতিতে ইতিবাচক অবস্থা তৈরি করবে,” বলেন তিনি।

‘শক্তিশালী’ বিরোধী দলের ভূমিকায় থাকবে জামায়াত: তাহের
ছবি: ভিডিও থেকে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2026, 11:18 PM

Updated : 26 Aug 2026, 02:57 PM

ত্রয়োদশ সংসদে নিজেদের ‘শক্তিশালী’ বিরোধী দলের ভূমিকায় রাখার কথা বলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

দেশ ‘বিনির্মাণে’ আগামীতে বিএনপির সঙ্গে কাজ করার কথাও বলেছে দলটি।

রোববার ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় সাংবাদিকদের সামনে এ মনোভাব তুলে ধরেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

এর আগে জামায়াত আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপির সরকার গঠনের প্রস্তুতির মধ্যে এ সাক্ষাতে গেলেন তারেক রহমান।

বসুন্ধরায় জামায়াত আমিরের বাসভবনে এ সাক্ষাৎ হয়। পরে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাহের।

তিনি বলেন, “জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহবান জানানো হয়েছে। 

“রাজনৈতিক দলগুলোর মধ্যে সৌহার্দপূর্ণ আচরণ বজায় রেখে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে দুই দল। তারেক রহমান ও জামায়াত আমিরের এ সাক্ষাৎকার আগামীর রাজনীতিতে ইতিবাচক অবস্থা তৈরি করবে। 

জামায়াতের এ নেতা আরও বলেন, “আমাদের মধ্যে সৌহার্দপূর্ণ আচরণ থাকবে, যা আগামীর বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে। নিজেদের মধ্যে ঝামেলা হলে ইতিবাচক আলোচনার মাধ্যমে তা সমাধান করা হবে।

“আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে বলা হয়েছে, জনগণের নিরাপত্তা নিশ্চিতে আগামী  সরকার যেন কাজ করে।”

এদিন সন্ধ্যা ৭টার দিকে জামায়াত আমিরের বাসায় যান তারেক রহমান। তার সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও ছিলেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে এখন পর্যন্ত ২৯৭ আসনের ফল প্রকাশিত হয়েছে। এরমধ্যে বিএনপি পেয়েছে ২০৯টি আসন; জামায়াতের ঝুলিতে গেছে ৬৮টি।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ নেওয়ার কথা রয়েছে।