১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্কুলের পর পশ্চিমবঙ্গে মাদ্রাসায়ও গাওয়া বাধ্যতামূলক হল ‘বন্দে মাতরম’

রাজ্য সরকারের মাদ্রাসা শিক্ষা ও সংখ্যালঘু বিষয়ক বিভাগের অধীনে সহায়তা পাওয়া বা না পাওয়া সব স্বীকৃত মাদ্রাসার ক্ষেত্রেই এ নির্দেশ প্রযোজ্য হবে।

স্কুলের পর পশ্চিমবঙ্গে মাদ্রাসায়ও গাওয়া বাধ্যতামূলক হল ‘বন্দে মাতরম’
রাজ্য সরকারের মাদ্রাসা অধিদপ্তরের দেওয়া আদেশে বলা হয়েছে, এখন থেকে সব মাদ্রাসায় সকালের অ্যাসেম্বলিতে বন্দে মাতরম গাইতে হবে। ছবি: পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা বোর্ড

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2026, 11:56 AM

Updated : 26 Aug 2026, 03:39 PM

সব স্কুলে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করার এক সপ্তাহ পর পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নতুন সরকার ভারতের পূর্বের এ রাজ্যের সবক’টি মাদ্রাসায়ও এ ‘জাতীয় গানটি’ গাওয়ার নির্দেশ দিয়েছে। 

মঙ্গলবার রাজ্য সরকারের মাদ্রাসা অধিদপ্তরের দেওয়া আদেশে বলা হয়েছে, এখন থেকে সব মাদ্রাসায় সকালের অ্যাসেম্বলিতে বন্দে মাতরম গাইতে হবে।  

পশ্চিমবঙ্গ সরকারের মাদ্রাসা শিক্ষা ও সংখ্যালঘু বিষয়ক বিভাগের অধীনে সহায়তা পাওয়া বা না পাওয়া সব স্বীকৃত মাদ্রাসার ক্ষেত্রেই এ নির্দেশ প্রযোজ্য হবে, মাদ্রাসা অধিদপ্তরের আদেশের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি। 

দায়িত্ব নেওয়ার পর শুভেন্দুর সরকার প্রথম যে কয়েকটি সিদ্ধান্ত নেয়, তার মধ্যেই রাজ্যের সব স্কুলে বন্দে মাতরমের ছয়টি স্তবকের সবকটি গাওয়া বাধ্যতামূলক হয়। 

ক্লাস শুরুর আগে সকালের অধিবেশনে (অ্যাসেম্বলি) এই ‘জাতীয় গানটি’ থাকতে হবে, আদেশে এমনটাই বলা হয়েছিল। 

“আগের সব নির্দেশনা খারিজ করে, পশ্চিমবঙ্গের সরকার স্কুল শিক্ষা বিভাগের অধীনে থাকা সব স্কুলে ক্লাস শুরুর আগে স্কুল অ্যাসেম্বলি বা সকালের প্রার্থনার সময় ভারতের জাতীয় গান বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করেছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হল,” অনলাইনে দেওয়া এক পোস্টে এমনটাই লিখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

ঔপনিবেশিক শাসনের শৃঙ্খল থেকে ভারতকে মুক্ত করার তাগাদা থেকে বঙ্কিমচন্ত্র চট্টোপাধ্যায়ের লেখা ‘বন্দে মাতরম’ ঘিরে সম্প্রতি ভারতের রাজনীতিতে ব্যাপক চাপান-উতোর চলছে। এ বছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে এই গান ফের ‘রাজনৈতিক ডিসকোর্সে’ জায়গা করে নিয়েছিল।  

ফেব্রুয়ারিতে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন কেন্দ্রে ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) ‘বন্দে মাতরম’-কে ভারতের জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’-এর সমতুল্য ঘোষণা করে এবং সব সরকারি ও স্কুলের অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের সঙ্গেই এই গানের ছয় স্তবক গাওয়া বাধ্যতামূলক করে।