১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জম্মু-কাশ্মীরের কুলগামে ‘বন্দুকযুদ্ধে’ ২ ভারতীয় সেনা নিহত

দক্ষিণ কাশ্মীরের অখলের বনাঞ্চলে ১ অগাস্ট থেকে অভিযানে নামে ভারতের নিরাপত্তা বাহিনী। ওই অভিযানের মধ্যেই বন্দুকযুদ্ধে এ দুজন নিহত হয়েছে বলে জানিয়েছে চিনার কর্পস।

জম্মু-কাশ্মীরের কুলগামে ‘বন্দুকযুদ্ধে’ ২ ভারতীয় সেনা নিহত
প্রতিনিধিত্বশীল ছবি। ছবি: আনন্দবাজার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2025, 11:29 AM

Updated : 26 Aug 2026, 01:32 PM

ভারতের জম্মু ও কাশ্মীরের কুলগামে ‘সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে’ দুই সেনা নিহত হয়েছে।

শুক্রবার রাতে সন্ত্রাসবিরোধী অভিযান চলাকালে এ দুইজন নিহত হয় বলে শনিবার ভারতীয় সেনাবাহিনী নিশ্চিত করেছে।

‘বন্দুকযুদ্ধে’ আরও দুই সেনা আহত হওয়ারও খবর দিয়েছে তারা। ১ অগাস্ট থেকে ওই অঞ্চলে চলা সন্ত্রাসবিরোধী অভিযানে এখন পর্যন্ত এক সন্ত্রাসী নিহত হয়েছে। 

যে দুই সেনার মৃত্যু হয়েছে, তারা হলেন- ল্যান্স নায়েক প্রীতপল সিং ও সিপাহি হারমিন্দর সিং; ভারতীয় সেনাবাহিনীর চিনার কর্পস এক্সে দেওয়া পোস্টে এ দু’জনের নাম পরিচয় জানায় বলে জানিয়েছে এনডিটিভি।

কর্মকর্তারা বলছেন, জঙ্গল ও পাহাড়ি এলাকা হওয়ায় অভিযান শেষ হতে সময় লাগছে। 

সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে দক্ষিণ কাশ্মীরের অখলের বনাঞ্চলে ১ অগাস্ট থেকে অভিযানে নামে ভারতের নিরাপত্তা বাহিনী। 

লুকিয়ে থাকা সন্ত্রাসীদের খুঁজতে এ অভিযানে ড্রোন ও হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে। 

পুলিশের একাধিক সূত্রের বরাত দিয়ে এনডিটিভি বলছে, অন্তত তিন বিদেশিসহ ‘৫ জঙ্গি লুকিয়ে রয়েছে’ খবর পেয়ে ওই এলাকায় অভিযান শুরু হয়। এ সন্ত্রাসীরা জঙ্গল যুদ্ধে খুবই দক্ষ বলেই ধারণা করছে নিরাপত্তা বাহিনী।

এ সন্ত্রাসীদের নাম, কিংবা তারা কোন সংগঠনের তা জানা যায়নি।