Published : 25 Dec 2025, 12:36 AM
বাংলাদেশের গণমাধ্যমে চীন বিষয়ক খবরের জন্য দেওয়া ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড’ পেয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের তিন সংবাদকর্মী।
বুধবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে পাঁচ ক্যাটাগরিতে ২৯ জন বিজয়ীর হাতে এই পুরস্কার তুলে দেন অতিথিরা।
পাঁচ বিভাগেই একজনকে প্রথম পুরস্কার, দুজনকে দ্বিতীয় পুরস্কার এবং তিনজনকে তৃতীয় পুরস্কার দেওয়া হয়।
ভিজ্যুয়ালস শ্রেণিতে প্রথম পুরস্কার পেয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফটোসাংবাদিক মাহমুদ জামান অভি আর তৃতীয় পুরস্কার পেয়েছেন জ্যেষ্ঠ প্রতিবেদক মাসুম বিল্লাহ।
এই বিভাগে দ্বিতীয় হয়েছেন সারাবাংলার হাবিবুর রহমান। মাসুম বিল্লাহর সঙ্গে যৌথভাবে তৃতীয় পুরস্কার পেয়েছেন আজকের পত্রিকার জাহিদুল ইসলাম সজল এবং নাগরিক প্রতিদিনের ওলিদ ইবনে শাহ।
জেনারেল নিউজ ক্যাটাগরিতে তৃতীয় পুরস্কার পেয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক জেসমিন মলি।
এই ক্যাটাগরিতে রূপালী বাংলাদেশের সেলিম আহমেদ প্রথম পুরস্কার এবং ডেইলি সানের মৌসুমি ইসলাম ও কালের কণ্ঠের মোহাম্মদ শরীফুল আলম দ্বিতীয় পুরস্কার পেয়েছেন।
জেসমিন মলির সঙ্গে যৌথভাবে তৃতীয় পুরস্কার জাগো নিউজের মফিজুল সাদিক এবং যমুনা টিভির সালাউদ্দিন আহমেদ রেজা।
অর্থনীতি ও প্রযুক্তি বিভাগে প্রথম পুরস্কার পেয়েছেন ডেইলি সানের মো. মুনির হোসেন, দ্বিতীয় হয়েছেন বাংলা ট্রিবিউনের গোলাম মওলা এবং রূপালী বাংলাদেশের আব্দুর রহিম।
তৃতীয় পুরস্কার পেয়েছেন ডেইলি সানের রফিকুল ইসলাম, ঢাকা পোস্টের আব্দুর রহমান ও ফিনান্সিয়াল এক্সপ্রেসের আসজাদুল কিবরিয়া।
খেলাধুলা ও সংস্কৃতি বিভাগে প্রথম পুরস্কার পেয়েছেন দৈনিক ভোরের কাগজের এস এম নাজমুল হক ইমন। দ্বিতীয় হয়েছেন বাংলা ট্রিবিউনের তানজিম আহমেদ ও সকালসন্ধ্যার রাহেনুর ইসলাম।
তৃতীয় পুরস্কার পেয়েছেন ঢাকা পোস্টের জোবায়ের হোসেন, স্টার নিউজের ফাসিউর রহমান সিফাত এবং দৈনিক ইনকিলাবের কামরুল হাসান খান।
মিডিয়া ইনোভেশন বিভাগে প্রথম পুরস্কার পেয়েছেন আরটিভির মো. ইমরুল হাসান। যৌথভাবে দ্বিতীয় হয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের রাশেদুর রহমান, ইনডিপেনডেন্ট টিভির ওয়ালিউল আলম বিশ্বাস এবং একই রিপোর্টের জন্য যৌথভাবে বাংলা ট্রিবিউনের আরশাদ আলী ও সুদীপ্ত নুরুল কবীর।
চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে দেওয়া হয় এই পুরস্কার। চীনা দূতাবাসের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি আয়োজন করেছে চায়না মিডিয়া গ্রুপের বাংলা বিভাগ।
পুরস্কারের সহ-আয়োজক হিসেবে ছিল আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টার, চায়নিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ, ওভারসিজ চায়নিজ অ্যাসোসিয়েশন বাংলাদেশ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ চায়না আপন মিডিয়া ক্লাব, জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ডিক্যাব, ইআরএফ, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সিনে-জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ, অনলাইন এডিটরস অ্যালায়েন্স।
প্রতিটি বিভাগে প্রথম স্থান অর্জনকারীকে নগদ এক লাখ টাকা ও সনদ, দ্বিতীয় স্থান অর্জনকারী দুজনকে নগদ ৫০ হাজার টাকা ও সনদ এবং তৃতীয় স্থান অর্জনকারী তিনজনের প্রত্যেককে ৩০ হাজার টাকা ও সনদ দেওয়া হয়।
অনুষ্ঠানে ঢাকায় চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “এ বছর চীন ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপিত হচ্ছে এবং এটি চীন-বাংলাদেশ জনগণের সঙ্গে জনগণ বিনিময় বছর। আগামী বছর বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে বাংলাদেশের যোগদানের ১০ বছর পূর্তি হবে।”
তিনি বলেন, “জনগণকে প্রথমে রেখে উচ্চ মানসম্পন্ন উন্নয়ন কর্মকাণ্ডের প্রতি চীন প্রতিশ্রুতিবদ্ধ। প্রযুক্তিতে আত্মনির্ভরশীলতা বৃদ্ধি, সবুজ জ্বালানিতে রূপান্তরের প্রসার এবং সবার জন্য অভিন্ন সমৃদ্ধির ধারণা সঙ্গে নিয়ে চীন আধুনিক সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করছে।
“এটাই চীনের উন্নয়ন অন্বেষা, নিরপেক্ষতার প্রসার এবং টেকসই ভবিষ্যতের যাত্রা। চীন বৈশ্বিক উন্নয়নে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর জন্য কার্যকর অভিজ্ঞতা এবং বিকল্প প্রদান করে যাচ্ছে।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজা উদ্দিন আহমেদ স্ট্যালিন, ঢাকায় চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওফেং, চায়না মিডিয়া গ্রুপ–সিএমজির বাংলা বিভাগের পরিচালক ইউ কুয়াং ইউয়ে আনন্দী, চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের প্রেসিডেন্ট হান খুন ও আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টারের প্রেসিডেন্ট চুয়াং লিফং উপস্থিত ছিলেন।