Published : 03 Dec 2025, 09:09 PM
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভুয়া ও অপতথ্য মোকাবেলায় সাংবাদিকদের প্রধান ও গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করিয়েছেন ঢাকায় কানাডিয়ান হাই কমিশনার অজিত সিং।
বুধবার ঢাকার কানাডা ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের মতবিনিময়ে তিনি বলেন, ভুয়া ও অপতথ্যের চ্যালেঞ্জ বেশ বিস্তৃত হচ্ছে।
“বাংলাদেশ যেহেতু বিশ্বের অন্যতম বৃহৎ নির্বাচনের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে আগামী কয়েক মাসে এটা বিশেষ চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হবে। সত্যিকারের গণতান্ত্রিক ব্যবস্থায় যেভাবে ভোটাধিকার প্রয়োগ করা উচিত, তেমন ব্যবস্থা করার ক্ষেত্রে আপনাদের ভূমিকা হবে প্রধান ও গুরুত্বপূর্ণ।”
গণতন্ত্র ও অর্থনীতির ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকার কথা তুলে ধরে হাই কমিশনার বলেন, মতপ্রকাশের স্বাধীনতা কেবল ব্যক্তিস্বাতন্ত্র্যের বিষয় নয়, এটা গণতন্ত্র ও সমৃদ্ধির বিষয়ও। অনেক মানুষ অর্থনীতিকে এসব কিছু থেকে আলাদা করে দেখাতে চায়।
বিশ্বব্যাপী সাংবাদিকদের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় মন্তব্য করে অজিত সিং বলেন, “বাংলাদেশের মতো নবীন গণতন্ত্র বা অন্যান্য পুরনো গণতন্ত্রই হোক, সাংবাদিকদের এসব চ্যালেঞ্জের বাইরে কেউ নয়।”
আমেরিকান সাংবাদিক ওয়াল্টার ক্রনকাইটকে উদ্ধৃত করে তিনি বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ নয়, এটাই গণতন্ত্র।”
গণমাধ্যমের স্বাধীনতার জন্য মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের কাজ করার কথা তুলে ধরে ঢাকায় জার্মানির শার্জ দ্য অ্যাফেয়ার্স আনইয়া কের্সটেন বলেন, “আমাদের উদ্দেশ্য পরিষ্কার। সেটা হলো, সাংবাদিকতার এমন পরিবেশ, যেখানে সাংবাদিকরা অবাধে, নিরাপদে এবং স্বাধীনভাবে কাজ করতে পারেন; যেখানে আইন সবার জন্য সমান ও স্বচ্ছ এবং যেখান ভয় বা বিধিনিষেধ ছাড়া মানুষ তথ্য পায়।
“এসব মূলনীতি সমুন্নত রাখতে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর সঙ্গে মিলে বাংলাদেশের অংশীদারদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে জার্মানি।”
তিনি বলেন, “গণমাধ্যমকে প্রায়শ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয় এবং এর কারণও আছে। নির্বাচন সামনে রেখে সঠিক তথ্য দিয়ে, ভুল তথ্য মোকাবেলা করে এবং বিভিন্ন মতের মানুষকে মতপ্রকাশের সমান সুযোগ দিয়ে সাংবাদিকরা অত্যাবশ্যকীয় দায়িত্ব পালন করবেন।
“অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন প্রক্রিয়ার জন্য একটি আত্মবিশ্বাসী, পেশাদার ও নিরাপদ গণমাধ্যম অপরিহার্য।”
গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে বিশ্বব্যাপী কাজ করা ৫১ দেশের জোট মিডিয়া ফ্রিডম কোয়ালিশন। ২০১৯ সালে কানাডায় প্রতিষ্ঠিত এই মোর্চার বর্তমান কো-চেয়ার জার্মানি এবং ফিনল্যান্ড।