Published : 23 Feb 2026, 07:06 PM
লন্ডন ফ্যাশন উইকে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ফ্যাশন ডিজাইনার তানভীর মেহেদি।
বর্তমানে তিনি ‘ইনফ্লুয়েন্স ম্যানচেস্টারের’ অধীনে নেটিভ ইয়ুথে ‘মেনসওয়্যার ডিজাইনার’ হিসেবে কর্মরত বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সালফোর্ড থেকে ফ্যাশন ডিজাইনে স্নাতকোত্তর করেছেন তানভীর।
বিবি রাসেলের পরে তানভীর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে লন্ডন ফ্যাশন উইকে জায়গা করে নিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
‘লন্ডন ফ্যাশন উইকে’ তানভীর তার কাজে ব্যবহার করেছেন বড় কারখানার সেলাই ফ্লোর থেকে সংগ্রহ করা পরিত্যক্ত ডেনিম ও কাপড়ের টুকরা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যা বর্জ্য হওয়ার কথা ছিল, তা তিনি পরিণত করেছেন ফ্যাশনের উপকরণে। তবে এর সঙ্গে পাটের সংমিশ্রণও ছিল।
“তার পোশাকের প্রতিটি সেলাইয়ে ছিল জরুরি আহ্বান; প্রতিটি ভাঁজে ছিল প্রতিবাদ,” বলা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
লন্ডন ফ্যাশন উইকে সুযোগ পাওয়ার প্রতিক্রিয়ায় তানভীর বলেন, “এটি শুধু আমার মুহূর্ত নয়, এটি বাংলাদেশের গর্বের মুহূর্ত।”
২০১২ সাল থেকে এক দশকের বেশি সময় তানভীর বাংলাদেশের তৈরি পোশাক খাতে কাজ করেছেন।
তার কর্মজীবন শুরু হয় বেক্সিমকোতে। পরে ‘নোইজ জিন্সে’ ডিজাইনার হিসেবে কাজ করেন। পরবর্তী সময়ে কোয়াজি আবেদিনে ডিজাইন হেড এবং ম্যাকসনে ডিজাইন ও বিজনেস ডেভেলপমেন্ট প্রধান হিসেবে কাজ করেন।
জারা, বার্শকা, পুল অ্যান্ড বেয়ার, ক্যালভিন ক্লেইন, ডিজেল, আমেরিকান ঈগল, এইচঅ্যান্ডএম, প্রাইমার্ক, রিভার আইল্যান্ড, জ্যাক অ্যান্ড জোন্স, লিভাইস, ক্যামেল অ্যাকটিভ, স্প্রিংফিল্ডসহ আরও অনেক কোম্পানি তার ডিজাইন ব্যবহার করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ফ্যাশন ডিজাইনের বাইরে তিনি চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর সঙ্গে কস্টিউম ডিজাইনার হিসেবেও কাজ করেছেন। কাজ করেছেন বিজ্ঞাপনেও।