Published : 21 Dec 2025, 03:02 AM
একাত্তর কোনো কেবল সাল-তারিখ নয়, কোনো অধ্যায়ের নামও নয়; জনযুদ্ধের স্মৃতি, রক্ত, সাহস আর মানুষের কাহিনি। সেই কাহিনিগুলোই আবার নতুন করে সামনে এনেছে লেখক ও মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক সালেক খোকনের সদ্য প্রকাশিত বই ‘মুক্তিযুদ্ধে অবিনাশী ঘটনামালা’।
এই বইয়ের জন্ম পাঠকের হাত ধরেই। চলতি ডিসেম্বর মাসে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শিশু-কিশোর ম্যাগাজিন ‘কিডজ’-এ ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল মুক্তিযুদ্ধের ১৬টি ঘটনা। প্রত্যেকটি লেখা যেন ছোট একটি জানালা, খুললেই ভেসে আসে একাত্তরের কোনো দুপুর, কোনো ভোর, কোনো নিঃশব্দ রাত। পাঠকের আগ্রহ আর সাড়াই সেই ঘটনাগুলোকে বইয়ের মলাটে এনে দিয়েছে।
বইটিতে নেই ভারী ভাষা বা দূরত্ব তৈরি করা গবেষণার কৃত্রিম কাঠামো। আছে মুক্তিযোদ্ধাদের বলা কথা, যুদ্ধের ভেতরে থাকা মানুষের চোখে দেখা মুহূর্ত, ভয় আর প্রত্যয়ের মাঝখানে দাঁড়িয়ে নেওয়া সিদ্ধান্ত। সরল গদ্যে বলা সেই ঘটনাগুলো পাঠককে টেনে নেয় ইতিহাসের গভীরে, যেখানে স্বাধীনতা কোনো বিমূর্ত ধারণা নয়, বরং জীবন-মৃত্যুর বাস্তব প্রশ্ন।
সালেক খোকনের ভাষায়, “মুক্তিযুদ্ধ আমাদের শেকড়। এই যুদ্ধের ইতিহাস সূর্যের মতো সত্য ও অবিনাশী। কত কষ্ট আর ত্যাগের ভেতর দিয়ে স্বাধীনতা এসেছে, সেই অনুভবটুকুই আমি ঘটনাগুলোর ভেতর ধরতে চেয়েছি।”
বইটি প্রকাশ করেছে কথাপ্রকাশ। প্রকাশনার কর্ণধার জসিম উদ্দিন মনে করেন, “দীর্ঘদিন ধরে নিভৃতে মুক্তিযুদ্ধের অন্তরালের ইতিহাস নিয়ে কাজ করে যাচ্ছেন সালেক খোকন। গৌরবের পাশাপাশি বেদনা আর সাহসের যে মানবিক ইতিহাস তিনি তুলে আনছেন, ‘মুক্তিযুদ্ধে অবিনাশী ঘটনামালা’ তারই শক্তিশালী দলিল। বইটি প্রজন্ম থেকে প্রজন্মে পাঠযোগ্য হয়ে থাকবে।”
একক উদ্যোগে তৃণমূল পর্যায়ে মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় যুক্ত সালেক খোকনের গবেষণাবইয়ের সংখ্যা ৩৭টি; এর মধ্যে মুক্তিযুদ্ধ নিয়ে লেখা ১৭টি। তার ‘যুদ্ধদিনের গদ্য ও প্রামাণ্য’ বইটি ২০১৫ সালে পায় ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক’ পুরস্কার। আর ‘৭১-এর আকরগ্রন্থ’ অর্জন করে ‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২১’।
২৪০ পৃষ্ঠার ‘মুক্তিযুদ্ধে অবিনাশী ঘটনামালা’ বইটির প্রচ্ছদ এঁকেছেন মোস্তাফিজ কারিগর। মুদ্রিত মূল্য ৫০০ টাকা। একাত্তরের ইতিহাস যারা নতুন করে জানতে চায়, আর যারা গল্পের ভেতর দিয়ে সময়কে ছুঁয়ে দেখতে চায়, এই বই তাদের জন্য।