ডেঙ্গু: এক দিনে হাসপাতালে ভর্তি ৩১১, মৃত্যু ২
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ লাখ ১৭ হাজার ৯৫৬ জনে; মারা গেছেন ১ হাজার ৬৬৭ জন।
মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত এক দিনে সারা দেশে ৩১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন; মারা গেছেন দুইজন।
মঙ্গলবার সকাল পর্যন্ত গত এক দিনে আক্রান্ত ও মৃত্যুর এই তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরের বিভিন্ন জেলার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২৩১ জন। ঢাকার শহরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৮০ জন।
সব মিলিয়ে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ লাখ ১৭ হাজার ৯৫৬ জনে।
অপরদিকে গত এক দিনের মারা যাওয়া দুজনই ঢাকার বাইরের বাসিন্দা। তাদের নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৬৭ জনে।
এদের মধ্যে ঢাকায় মারা গেছেন ৯৬১ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় মারা গেছেন ৭০৬ জন। আর মোট ভর্তি রোগীর বেশিরভাগই ঢাকার বাইরের বিভিন্ন জেলার, ২ লাখ ৮ হাজার ৭৭৫ জন। ঢাকায় ভর্তি হয়েছেন ১ লাখ ৯ হাজার ১৮১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, মঙ্গলবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ১ হাজার ৯৮১ জন রোগী। তাদের মধ্যে ৫৭৫ জন ঢাকায় এবং ১ হাজার ১৪০৬ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
মাসের হিসাবে, ডেঙ্গু আক্রান্ত হয়ে জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুনে ৫ হাজার ৯৫৬ জন, জুলাইয়ে ৪৩ হাজার ৮৭৬ জন, অগাস্টে ৭১ হাজার ৯৭৬ জন, সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন এবং অক্টোবরে ৬৭ হাজার ৭৬৯ জন, নভেম্বর মাসে ৪০ হাজার ৭১৬ জন রোগী ভর্তি হয়েছে। ডিসেম্বরের প্রথম ১২ দিনে ভর্তি রোগীর সংখ্যা ৬০৬৫ জন।।
জানুয়ারিতে ছয়জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে দুইজন, মে মাসে দুইজন, জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, অগাস্টে ৩৪২ জন, সেপ্টেম্বরে ৩৯৬ জন, অক্টোবরে ৩৫৯ জন এবং নভেম্বরে ২৭৪ জনের মৃত্যু হয়।
ডিসেম্বরের প্রথম ১৩ দিনে ৪৫ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
