১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু, ভর্তিও সর্বোচ্চ

এর আগে গত ১১ সেপ্টেম্বর ৬ জনের মৃত্যু হয়েছিল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2025, 06:25 PM

Updated : 26 Aug 2026, 02:20 PM

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৯ জনের মৃত্যু হয়েছে, যা একদিনের নিরিখে এ বছরের সর্বোচ্চ সংখ্যা।  একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৪০ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও একদিনে সর্বোচ্চ।

স্বাস্থ্য অধিদপ্তর রোববার যে ১২ জনের মৃত্যুর তথ্য দিয়েছে, তাদের মধ্যে শনিবার মারা যাওয়া তিনজন আছেন। অর্থাৎ সবশেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯ জনের। এর আগে গত ১১ সেপ্টেম্বর ৬ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। 

এ নিয়ে এ বছর মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭৯ জনে। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ হাজার ৮৩১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের রোববারের বুলেটিনে বলা হয়েছে, গত দুইদিনে যে ১২ জন মারা গেছেন, তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজে, দুজনের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে, দুজনের বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ঢাকা মেডিকেল, মুগদা মেডিকেল, ডিএনসিসি কোভিড-১৯ হাসপাতাল, ময়মনসিংহ মেডিকেল এবং চট্টগ্রামের এভার কেয়ার হাসপাতালে একজন করে মারা গেছেন।

মৃত ব্যক্তিদের মধ্যে ছয় জন পুরুষ, ছয়জন নারী। মৃতদের বয়স যথাক্রমে ২৪, ৬০, ২৯, ৬৩, ৫৭, ৩৪, ৬৫, ২৬, ২৫, ৪৫, ৩০ ও ৪৮ বছর।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৫৭ জনের মৃত্যু হল সেপ্টেম্বর মাসে। এর আগে জুলাই মাসে ৪১ জনের প্রাণ কেড়েছিল মশাবাহিত রোগটি।

এ ছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন জন, এপ্রিলে সাত জন, মে মাসে তিন জন, জুন মাসে ১৯ জন, অগাস্ট মাসে ৩৯ জন মারা যান। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে জুলাই মাসে সবচেয়ে বেশি ১০ হাজার ৬৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এছাড়া জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, এ ছাড়া জুন মাসে ৫৯৫১ জন, অগাস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী ভর্তি হয়েছেন। ২১ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ৩৫৫ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের রোববারের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ২৩৯ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায়।

এ ছাড়া ঢাকা বিভাগে ১৪৫ জন, ময়মনসিংহ বিভাগে ২২ জন, চট্টগ্রাম বিভাগে ৭৭ জন, খুলনা বিভাগে ৫২ জন, রাজশাহী বিভাগে ২৮ জন, রংপুর বিভাগে তিন জন, বরিশাল বিভাগে ১৬৬ জন এবং সিলেট বিভাগে আট জন রোগী ভর্তি হয়েছেন।

ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২০২১ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭৫৬ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ১২৬৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।