১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

সরাইল হাসপাতাল ‘নিজেই একটা রোগীর মত’: সংসদে রুমিন ফারহানা

সংসদে দেওয়া তার তথ্য অনুযায়ী, ওই হাসপাতালে চিকিৎসক, নার্স, স্বাস্থ্য সহকারীসহ মোট ৬৪টি পদ শূন্য।

সরাইল হাসপাতাল ‘নিজেই একটা রোগীর মত’: সংসদে রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2026, 03:40 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সাড়ে ৩ লাখ মানুষের জন্য থাকা ৫০ শয্যার হাসপাতালের ‘রুগ্ন দশা’ নিয়ে জাতীয় সংসদে হতাশা প্রকাশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। 

বৃহস্পতিবার সংসদে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০০ শয্যার একটি হাসপাতাল করার সিদ্ধান্ত প্রস্তাবের ওপর সংশোধনী বক্তব্য দিতে গিয়ে তিনি সরাইল উপজেলার হাসপাতালের জনবল ও অবকাঠামো সংকটের চিত্র তুলে ধরেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, “আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নয়টি ইউনিয়নে প্রায় সাড়ে তিন লক্ষ মানুষের জন্য একটি হাসপাতাল আছে, যেটি মাত্র ৫০ শয্যা বিশিষ্ট এবং সেই হাসপাতালটা নিজেই একটা রোগীর মত।”

তিনি বলেন, হাসপাতালটিতে প্রয়োজনীয় চিকিৎসক, কর্মচারী, চাহিদামাফিক ওষুধ ও অত্যাধুনিক যন্ত্রপাতির সংকট রয়েছে।

সংসদে দেওয়া তার তথ্য অনুযায়ী, ওই হাসপাতালে কনসালট্যান্টসহ চিকিৎসকের ৯টি, নার্সের ৬টি, মেডিকেল টেকনোলজিস্টের ২টি, ফিল্ড স্টাফের ১৫টি, স্বাস্থ্য সহকারীর ৮টিসহ মোট ৬৪টি পদ শূন্য রয়েছে।

হাসপাতালের অবকাঠামো উন্নয়নের উদ্যোগও আটকে আছে বলে জানান রুমিন।

তার ভাষ্য, ১০ কোটি টাকা ব্যয়ে সেখানে একটি ছয়তলা ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু ২০২৪ সালের ৫ অগাস্টের পর ঠিকাদার ‘পালিয়ে যাওয়ায়’ পুরোনো দোতলা ভবনেই চিকিৎসাসেবা চালাতে হচ্ছে।

রুমিন ফারহানা বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৩ আসনের সদস্য আজহারুল ইসলাম মান্নানের আনা সিদ্ধিরগঞ্জে ২০০ শয্যার হাসপাতাল স্থাপনের সিদ্ধান্ত প্রস্তাবের আলোচনায়।

ওই প্রস্তাবের ওপর আলোচনায় আরও কয়েকজন সদস্য নিজেদের এলাকার হাসপাতাল সংকট, শয্যা বাড়ানো এবং নতুন হাসপাতাল স্থাপনের দাবি তোলেন।

পরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, সিদ্ধিরগঞ্জের কাছে ১০০ শয্যার ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল এবং ৩০০ শয্যার একটি জেনারেল হাসপাতাল রয়েছে; এর মধ্যে ৩০০ শয্যার হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করার কাজ প্রায় শেষ পর্যায়ে। প্রয়োজন হলে ভবিষ্যতে নতুন হাসপাতালের বিষয়ও বিবেচনা করা হতে পারে।

এরপর মূল প্রস্তাবকারী আজহারুল ইসলাম মান্নান তার সিদ্ধান্ত প্রস্তাব প্রত্যাহারের ইচ্ছা জানান।

স্পিকার কণ্ঠভোটে বিষয়টি দিলে সংসদের অনুমতিতে সিদ্ধিরগঞ্জে ২০০ শয্যার হাসপাতাল স্থাপনের সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহার করা হয়।