০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

হামের উপসর্গ নিয়ে আরো দুজনের মৃত্যু

দুজনের মধ্যে একজন ঢাকা বিভাগের; আরেকজন সিলেট বিভাগের।

হামের উপসর্গ নিয়ে আরো দুজনের মৃত্যু
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ৮ম তলায় আলাদা ওয়ার্ডে হামে আক্রান্ত শিশুকে সেবা দিচ্ছেন নার্স। ছবি: আব্দুল্লাহ আল মমীন

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2026, 05:09 PM

Updated : 19 Sep 2026, 02:26 PM

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো দুজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

দুজনের মধ্যে একজন ঢাকা বিভাগের; আরেকজন সিলেট বিভাগের। 

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হওয়ার পাশাপাশি ১০৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তর গেল ১৫ মার্চ থেকে হামের তথ্য প্রকাশ করে আসছে। তাতে এ পর্যন্ত সারাদেশে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৮ জনের। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭৮২ জন।

হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৪২ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১২৫ জন। 

এছাড়া রাজশাহীতে ৯১, চট্টগ্রামে ৬১, বরিশালে ৪৬, ময়মনসিংহে ৭২, খুলনায় ৩২ ও রংপুর বিভাগে ১৩ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় আরো ৮৭২ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছেন। এর মধ্যে ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে ২৯২ জন, রাজশাহীতে ২৪, সিলেটে ৯২, চট্টগ্রামে ২৬০, বরিশালে ১৩৩, ময়মনসিংহে ৪৭, খুলনায় ৫৫ ও রংপুরের হাসপাতালগুলোতে ভর্তি হন ৯ জন।

এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল এক লাখ ২০ হাজার ১৩৪ জন। এর মধ্যে ১ লাখ ১৫ হাজার ৯৮০ জন হাসপাতাল ছেড়েছেন।

দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৩৮ সহাজার ১৮৪ । আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ৩৮৫।