১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জনগণের নেতৃত্বে পরিচালিত কর্মসূচি শিশু স্বাস্থ্যে ইতিবাচক পরিবর্তন আনতে পারে: গবেষণা

ঢাকার মিরপুরের বাউনিয়াবাঁধ বস্তির ২৮২৬টি পরিবারের ওপর ২০২১ সালের নভেম্বর থেকে ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এ গবেষণা চালানো হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2025, 10:07 PM

Updated : 26 Aug 2026, 01:20 PM

স্থানীয় জনগণের নেতৃত্বে পরিচালিত, একীভূত পুষ্টি ও স্বাস্থ্যবিধি কর্মসূচি গর্ভবতী নারী, কিশোরী এবং দুই বছরের কমবয়সী শিশুদের স্বাস্থ্যে ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলে আইসিডিডিআর,বির এক গবেষণায় উঠে এসেছে।

অ্যাডভান্সিং সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড রাইটস (অ্যাডসার্চ) প্রকল্পের আওতায় ঢাকার মিরপুরের বাউনিয়াবাঁধ বস্তির ২৮২৬টি পরিবারের ওপর ২০২১ সালের নভেম্বর থেকে ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এ গবেষণা চালানো হয়। 

সোমবার মহাখালীর আইসিডিডিআর’বিতে আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে গবেষণার ফলাফল উপস্থাপন করেন গবেষক দলের প্রধান ড. মোস্তফা মাহফুজ।

তিনি বলেন, এসব পরিবারের ওপর ২০২১ সালের নভেম্বর থেকে ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত গভীর বিশ্লেষণ চালানো হয়। প্রকল্পের আওতায় গর্ভবতী নারী, কিশোরী ও দুই বছরের নিচের শিশুদের একীভূত সেবা প্যাকেজ চালু করা হয়। 

প্রকল্পের স্বাস্থ্যকর্মীরা প্রতি মাসে বাড়িতে গিয়ে গর্ভবতী নারীদের পুষ্টিবিষয়ক পরামর্শ, আয়রন, ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম ও ভিটামিন ডি- এর মত পুষ্টি উপাদান এবং ওজন, রক্তচাপ, হিমোগ্লোবিন ও রক্তে শর্করা পর্যবেক্ষণ করেন। নিয়মিত প্রসবপূর্ব পরীক্ষা ও প্রয়োজনীয় বিশ্রামে উৎসাহ দেওয়া হয়। 

তাতে কর্মসূচির আওতায় থাকা নারীদের ওজন গড়ে ৮.৯ কেজি বেড়েছে। কর্মসূচির বাইরে থাকা গ্রুপে ৭.৫ কেজি ছিল। এসব নারীদের গর্ভকালীন বয়সের তুলনায় কম ওজনের সন্তান জন্মের ঝুঁকি ১৬ শতাংশ কমেছে বলে গবেষণার ফলাফলে উঠে এসেছে। 

সেমিনারে জানানো হয়, কর্মসূচির আওতায় থাকা কিশোরীদের হিমোগ্লোবিনের পরিমাণ গড়ে ১২.০ থেকে বেড়ে ১২.৮ গ্রাম/ডেসিলিটার হয়েছে। 

এই কিশোরীদের মধ্যে ১৪.৯ শতাংশ অপুষ্টির কারণে ক্ষীণকায়, ১২.৬ শতাংশ ছিল অতিরিক্ত ওজনের। এছাড়া শিশুদের উচ্চতা এবং ওজনের ক্ষেত্রে দেখা গেছে, কর্মসূচিভুক্ত শিশুদের অবনতির হার কমেছে। 

ড. মোস্তফা মাহফুজ বলেন, এই মডেলের সফলতার পেছনে স্থানীয় জনগণের অবদান রয়েছে। 

“মডেলটি কাজ করেছে কারণ তা স্থানীয় জনগণের কথা শুনেছে, স্থানীয় নারীদের প্রশিক্ষণ দিয়েছে। একদিকে মানুষের সহমর্মিতা, অন্যদিকে তথ্য প্রমাণভিত্তিক কর্মসূচি- এই দুইয়ের মিল হলে সম্ভাবনা অসীম।”

আইসিডিডিআর,বির নির্বাহী পরিচালক তাহমিদ আহমেদ বলেন, “বস্তিবাসীরা প্রাথমিক স্বাস্থ্যসেবায় দীর্ঘদিন ধরে উপেক্ষিত। নিউট্রি-ক্যাপ এর মত অভিযোজিত মডেলগুলো শুধু কার্যকরই নয়, বরং দেশের অন্য বস্তি এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটেও প্রসারণযোগ্য।”

আইসিডিডিআর,বির নিউট্রিশন রিসার্চ ডিভিশনের সিনিয়র ডিরেক্টর ড. থাডিয়াস ডেভিড মে, অ্যাডসার্চ বাই আইসিডিডিআর,বির  প্রকল্প পরিচালক ড. শামস এল আরিফিন, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার প্রতিনিধি এডওয়ার্ড ক্যাবেরা সেমিনারে বক্তব্য রাখেন।