Published : 29 Apr 2026, 09:26 PM
অস্ট্রেলিয়ার সিডনিতে একই মঞ্চে পারফর্ম করতে দেখা যাবে নগরবাউল জেমস ও কলকাতার গায়ক রূপম ইসলামের ব্যান্ড 'ফসিলস'কে।
আগামী সেপ্টেম্বরে হবে ‘জয় গুরু, জয় রক, আমার বাংলা’ শিরোনামের এই কনসার্টটি।
দুই বাংলার আয়োজকদের সম্বনয়ে কনসার্ট আয়োজন করেছে বেঙ্গলি সিনেক্লাব অস্ট্রেলিয়া।
আয়োজকদের একজন তানিম মান্নান গ্লিটজকে বলেন, “আগামী ১২ সেপ্টেম্বর সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টার মঞ্চে আসছেন বাংলা রক গানের দুইজন জেমস ও রূপম।"
মান্নান জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় রক সংগীতের সবচেয়ে বড় কনসার্ট করার ভাবনা থেকে তিন-চার বছর ধরে এই পরিকল্পনা নিয়ে এগোচ্ছিলেন তিনি। দুই দেশের দুই শীর্ষ ব্যান্ডকে এক করা কিছুটা চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছিল। পরবর্তীতে তার সঙ্গে পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হন সৈকত ও প্রসেনজিৎ।
তানিম বলেন, "জেমস অস্ট্রেলিয়ায় একাধিকবার পারফর্ম করলেও তার মত বড় শিল্পীর জন্য যথাযথ ভেন্যুর অভাব ছিল। সেই জায়গা থেকে এবার কনসার্টটি আয়োজন করা হচ্ছে সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে, যেখানে আন্তর্জাতিক মানের শিল্পীরা নিয়মিত পারফর্ম করেন। আমরা বড় টিম নিয়ে আয়োজনটি সাজানোর চেষ্টা করছি। যাতে কোনো ধরনের ঘাটতি না থাকে। দর্শকরা যেন সেরা মুহুর্ত নিয়ে ফিরতে পারে।"

‘জয় গুরু, জয় রক, আমার বাংলা’ শিরোনামের এই কনসার্টে প্রায় সাড়ে ৩ হাজার দর্শক অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন এই আয়োজক।
তানিম বলেন, "আমার বিশ্বাস আমাদের এই জায়গাটি কনসার্টের দিন ‘হাউজফুল’ হবে। অস্ট্রেলিয়ায় কিন্তু বাংলা কনটেন্টের দর্শকভিত্তি ইতোমধ্যে তৈরি হয়েছে, এছাড়াও জেমস ও রূপমের সব বয়সের ভক্ত আছে। আশা করছি এই কনসার্টে ভালো সাড়া মিলবে।"
একের পর এক কনসার্ট নিয়ে দেশ ও বিদেশে ব্যস্ত সময় পার করছেন নগরবাউল ব্যান্ড। কনসার্টের পাশাপাশি বেশ কিছু নতুন গানের কাজও চলছে। তবে গানগুলো প্রকাশের দিন তারিখ চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন নগরবাউল ব্যান্ডের মুখপাত্র রবিন ঠাকুর।
এদিকে, শিল্পী রূপম ইসলাম এই মুহূর্তে তার বই ‘বাঘ ব্রহ্ম খেলা’র প্রচারণা নিয়ে। পাশাপাশি ব্যান্ড ফসিলসের বিভিন্ন আয়োজনে অংশ নিতে দেখা যাচ্ছে তাকে।
২০২৪ সালে ভারতে ‘পুজোওয়ালাদের গান’ কনসার্টে এক মঞ্চে পারফর্ম করেছিলেন রূপম ও জেমস।