১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অস্ত্রোপচারে চলল ছু্রি-কাঁচি, সোনু ধরলেন রফির গান

“যন্ত্রণার মধ্যেও গান গাইছি, এটাই সংগীতের আনন্দ!”

অস্ত্রোপচারে চলল ছু্রি-কাঁচি, সোনু ধরলেন রফির গান
ছবি: আনন্দ বাজার

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2026, 12:35 AM

Updated : 11 Sep 2026, 03:49 PM

জীবনের প্রায় পুরো সময় ধরেই বলিউডের প্লে-ব্যাক গায়ক সোনু নিগমের বসবাস সুর-সংগীতের সঙ্গে। সে ধারার চর্চা চললো হাসপাতালের অস্ত্রোপচার কক্ষেও।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, সম্প্রতি সোনুর গান গাওয়ার একটি ভিডিও ছড়িয়েছে। তবে গায়ক সেই গান প্রথাগত কোনো মঞ্চ বা অনুষ্ঠানে গাইছেন না। তিনি গাইছেন অস্ত্রোপচার কক্ষে।

ভিডিওতে দেখা গেছে, চিকিৎসকরা অস্ত্রোপচারে ব্যস্ত। সে সময় মোহাম্মদ রফির জনপ্রিয় গান ‘সুহানি রাত ঢল চুকি, না জানে তুম কাব আয়োগে’ গাইছেন সোনু। এটি ১৯৪৯ সালে মুক্তি পাওয়া ‘দুলারী’ সিনেমায় গেয়েছিলেন মোহাম্মদ রফি।

সামাজিক যোগাযোগমাধ্যমে সোনু লিখেছেন, “আমার অস্ত্রোপচারের সময়ে প্রিয় চিকিৎসক এবং তার স্নেহশীল টিমের জন্য এই পরিবেশনা। যন্ত্রণার মধ্যেও গান গাইছি, এটাই সংগীতের আনন্দ!” 

যদিও ঠিক কী ধরনের অস্ত্রোপচার হয়েছে, সে বিষয়ে গায়ক কিছু জানাননি।

সোনুর অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেন। অনেকেই তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। অস্ত্রোপচারের মতো কঠিন পরিস্থিতিতেও গান গাওয়ার সিদ্ধান্ত সঙ্গীতের প্রতি তার গভীর ভালবাসারই পরিচয়- এমন কথাও বলেছেন অনুরাগীদের একাংশ।

একজন লিখেছেন, গায়ক যেন গানে গানেই যন্ত্রণা নিরাময়ের চেষ্টায় আছেন। 

গত জুনে শারীরিক অসুস্থতার কথা জানিয়েছিলেন সোনু। তখন সোশাল মিডিয়ায় প্রকাশ করা একটি ভিডিওতে তার কাঁধে একটি ব্যান্ডেজের মত দেখা গিয়েছিল। সেই সময় তিনি বলেছিলেন, স্নায়ুজনিত সমস্যার কারণে তীব্র যন্ত্রণায় ভুগছেন। সামান্য নড়াচড়াতেও তার যথেষ্ট কষ্ট হয়।