Published : 21 Dec 2025, 09:37 PM
হলিউডের তারকা অভিনেতা টম ক্রুজের নতুন সিনেমার নাম ও মুক্তির তারিখ সামনে এসেছে।
চারবারের অস্কারজয়ী নির্মাতা আলেহান্দ্রো গনজালেস ইনারিতু পরিচালিত ক্রুজের এই সিনেমার নাম ‘ডিগার’। আগামী বছরের ২ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি।
এরিমধ্যে ইনস্টাগ্রামে সিনেমার একটি টিজার এসেছে। প্রকাশ হয়েছে পোস্টারও।
‘ডিগার’ সিনেমার পোস্টারের ট্যাগলাইনে বলা হয়েছে, ‘একটি বিপর্যয়কর কমেডি’।
এর আগে পিপল ডটকম ক্রুজের নতুন কাজের খবর দিয়ে লিখেছিল, একজন বৈশ্বিক ক্ষমতাধর ব্যক্তিকে ঘিরে সিনেমার চিত্রনাট্য লেখা হচ্ছে। যে ব্যক্তির ধারণা তিনি মানবজাতির ত্রাণকর্তা।
পরিচালক ইনারিতু এর আগে কান চলচ্চিত্র উৎসবে বলেছিলেন, তিনি এমন একটি কমেডিনির্ভর সিনেমা বানাচ্ছেন, যা এক কথায় ‘পাগলাটে’।
তার নায়ককে নিয়ে বলেছিলেন, “ক্রুজ আমাকে মন খারাপ করতে দেয়না, প্রতিনিয়ত হাসায়। একজন পরিচালক হিসেবে তার মত অভিনেতার সঙ্গে কাজ করে যে অভিনয় পরিসরের খোঁজ আমি পেয়েছি, তা বিস্ময়কর, নজিরবিহীনও বটে। আমি মুগ্ধ এবং আনন্দিত।”
‘ডিগারের’ টিজারে ক্রুজ এসেছেন একটু ভিন্নভাবে। তাকে কাউবয় বুট পরে হাতে একটি কোদাল নিয়ে নাচতে দেখা যায়।
আরেকটি দৃশ্যে সরু রেলিংয়ের ওপরে হাঁটতে দেখা যায় ক্রুজকে। সিনেমায় ক্রুজের চরিত্রের নাম ডিগার রকওয়েল।
‘ডিগার’ সিনেমার প্রিমিয়ার হতে পারে ভেনিসে।
চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদান রাখার জন্য কিছুদিন আগে ‘সম্মানসূচক অস্কার’ পান ক্রুজ।
৬৩ বছর বয়সী এই তারকা এর আগে চারবার অস্কারের জন্য মনোনীত হয়েছেন ক্রুজ। প্রথমবার ১৯৯০ সালে ‘বর্ন অন দ্য ফোর্থ অব জুলাই’ ও ১৯৯৭ সালে ‘জেরি ম্যাগুয়ের’ সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবের মনোনয়ন তালিকায় নাম আসে ক্রুজের।

এরপর ২০০০ সালে ‘ম্যাগনোলিয়া’ সিনেমার জন্য পার্শ্ব অভিনেতা হিসেবে এবং এরপর দীর্ঘবিরতি দিয়ে ২০২৩ সালে ‘টপ গান: ম্যাভেরিক’ সিনেমার প্রযোজক হিসেবে মনোনয়ন পান ক্রুজ।
এই অভিনেতার সর্বশেষ সিনেমা ‘মিশন ইম্পসিবল: ফাইনাল রেকনিং’ মুক্তি পেয়েছে মে মাসে।
এখন পর্যন্ত এই ফ্র্যাঞ্চাইজির সাতটি সিনেমা মুক্তি পেয়েছে। 'ফাইনাল রেকনিং’ এই সিরিজের অষ্টম সিনেমা। আগের পর্ব ‘ডেড রেকনিং পার্ট ওয়ান’ মুক্তি পেয়েছিল ২০২৩ সালে।