Published : 18 May 2026, 12:38 AM
ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের জানাজা অনুষ্ঠিত হয়েছে।
জানাজার আগে কারিনা কায়সারের মা লোপা কায়সার বলেন, "আমাদের একটা কনটেন্ট নিয়ে মানুষের মধ্যে অনেক বিতর্ক আছে। গণভবনে আমরা আসলেই যাই নাই। সেদিন (৫ অগাস্ট) ওই সেলিব্রেশন হচ্ছিল। আমাদের বাসার সামনে দিয়ে অনেক মানুষ যাচ্ছিল। কারো হাতে হাস ছিল, মাছ ছিল, মেকাপ ছিল, ভাঙা চেয়ার ছিল, সবগুলো দেখে আসছি।
"তো ও আমাকে বলেছে তুমি বাসা থেকে কিছু নিয়ে আসতা, আমি বলেছি আনসি তো, এই যে আমার ব্যাগ। তো এটা আমরা করি নাই। আমাদের এই ‘ফানি ভিডিওটা’ পাবলিশ হয়ে গেছে এবং সেটার জন্য মানুষ অনেক অনেক নেগেটিভ কথা বলে।"
তিনি বলেন, "আমাদের এই শিক্ষা, এই ব্যাকগ্রাউন্ড কখনো ছিল না যে আমরা চুরি করতে পারব। সবাই সেলিব্রেশন করছিল, আমরাও সেলিব্রেশন করেছি। আপনাদের মনে যদি কোনো কনফিউশন থাকে, আমি আজ মেনে নিলাম।"
কারিনা কায়সারের জন্য দোয়া করতে তিনি সবার প্রতি অনুরোধ জানান।
রোববার রাত ১০টার দিকে জানাজার পর উপস্থিত ছাত্রনেতারা জুলাই অভ্যুত্থানকে স্মরণ করে নানা স্লোগান দেন।
জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক (এনসিপি) ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ, বিগদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, এ বি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির শরিক হন।
ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির ও ছাত্রশক্তিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্রসংগঠনের নেতাকর্মীরাও জানাজায় উপস্থিত ছিলেন।