১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘টাকা আত্মসাৎ’: মা-স্ত্রীসহ গায়ক নোবেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

‘প্রেমের সম্পর্ক তৈরি করে’ টাকা নিয়ে তা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা করেছেন এক নারী।

‘টাকা আত্মসাৎ’: মা-স্ত্রীসহ গায়ক নোবেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
মাইনুল আহসান নোবেল। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2026, 09:41 PM

Updated : 26 Aug 2026, 02:51 PM

‘প্রতারণা’ করে ১৩ লাখ টাকা নিয়ে তা আত্মসাতের মামলায় গায়ক মাইনুল আহসান নোবেল, তার মা ও স্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেওয়া প্রতিবেদন আমলে নিয়ে এ আদেশ দেন।

নানা বিষয়ে বির্তক তৈরি করে বিভিন্ন সময়ে আলোচনায় আসা ‘সা রে গা মা পা’ খ্যাত এ গায়কের বিরুদ্ধে এ মামলার বাদী ‘প্রেমের সম্পর্ক তৈরি করে’ টাকা নিয়ে তা আত্মসাৎ করার অভিযোগ আনেন।

এদিন আদালত নোবেল, তার মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, তার সহকারী অ্যাসিস্ট্যান্ট মুনেম শাহ সৌমিক ও পরিচিত মাসুদ রানার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বলে জানান বাদীপক্ষের আইনজীবী সাজিদুল ইসলাম।

তিনি বলেন, "গায়ক নোবেল এ মামলার বাদীসহ অনেকের কাছ থেকে প্রেমের সম্পর্ক তৈরি করে টাকা পয়সা নেন। বাদী আনাননিয়া শবনম রোজ সাহস করে গত বছরের ১৩ অগাস্ট আসামিদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।”

এই আইনজীবী বলেন, পিবিআইয়ের এসআই নুরুজ্জামান ‘অভিযোগের সত্যতা পাওয়া গেছে’ মর্মে গত ৭ জানুয়ারি পাঁচজনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন।

সোমবার মামলার দিন ধার্য থাকার তথ্য দিয়ে তিনি বলেন, শুনানিতে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হলে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

মামলার অভিযোগে বলা হয়, রোজকে প্রেমের ফাঁদে ফেলে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে নোবেল ২০২৩ সালের ২৫ অগাস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিভিন্ন সময় ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা প্রতারণা করে নিয়ে আত্মসাৎ করে। অপর আসামিরা এতে তাকে সহযোগিতা করে।

এর আগে ‘ধর্ষণ ও মারধরের’ অভিযোগে ডেমরা থানার মামলায় ২০২৫ সালের ১৯ মে গ্রেপ্তার হন নোবেল। পরে মামলার বাদীকে কারাগারে বসে বিয়ে করার পাঁচ দিনের মাথায় ২৪ জুন জামিন পান তিনি।

২০১৯ সালে ভারতের জি-বাংলা টিভির রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’তে অংশ নিয়ে তৃতীয় হয়ে আলোচনায় আসেন নোবেল। তবে নানা কর্মকাণ্ডে তাকে নিয়ে বিতর্কও বাড়তে থাকে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে নোবেলকে ফোন করা হলে তার একজন সহকারী কল ধরে বলেন, “এটা গুজব।”

নিজের নাম প্রকাশ না করে উল্টো এ প্রতিবেদকে ধমক দেন।

পরে আবার কল করা হলে ওই ব্যক্তি বলেন, “তিনি (নোবেল) রিহার্সেলে আছেন। আপনি সাংবাদিক হয়ে থাকলে অ্যাপয়েন্টমেন্টনিয়ে নোবেলের সাথে কথা বলবেন।"

এবারও নাম জানতে চাইলে তা না বলে নোবেলের ২৫ জন সহকারী থাকার কথা বলে, নানা অযাচিত কথা বলে ফোন কেটে দেন।

বাদীকে বিয়ের পর গায়ক নোবেলের জামিন, মুক্তিতে 'বাধা নেই'

সেই তরুণীর সঙ্গে নোবেলের বিয়ের অনুমতি