Published : 15 Jul 2026, 01:08 AM
বড় শহরের বাইরের সাংবাদিকদের জীবন ও কর্মের ওপর নির্মিত ৫০০ পর্বের তথ্যচিত্র ‘কাগজের মানুষ’ উদ্বোধন হয়েছে।
সোমবার অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এডিইউএসটি) অডিটোরিয়ামে এ তথ্যচিত্রের আনুষ্ঠানিক উদ্বোধন হয় বলে বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে তথ্যচিত্রটি নির্মিত হয়েছে। ‘কাগজের মানুষ’ তথ্যচিত্রে মফস্বলের প্রথিতযশা ও নিবেদিতপ্রাণ সাংবাদিকদের জীবন, সংগ্রাম, পেশাগত অভিজ্ঞতা এবং সমাজে তাদের অবদান তুলে ধরা হয়েছে।
এ তথ্যচিত্রের নির্বাহী প্রযোজক এম. শামসুল আলম লিটন এবং পরিকল্পনা, গবেষণা ও পরিচালনা করেছেন ফরহাদ আলম।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক ফরহাদ হোসেন বলেছেন, তারা এই তথ্যচিত্রটি দর্শকদের সামনে আনতে একাধিক টেলিভিশন চ্যানেলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
উদ্বোধনী পর্বে কুড়িগ্রামের রৌমারী উপজেলার প্রবীণ সাংবাদিক কাউয়ুম আজাদ বাবুলের জীবন ও কর্ম তুলে ধরা হয়। তার দীর্ঘ সাংবাদিকতা জীবন, সত্যনিষ্ঠ অবস্থান ও আত্মত্যাগের গল্প নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ব্যাপক প্রশংসা পেয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, “সাংবাদিকদের জীবন ও কর্ম ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। কাগজের মানুষ সাংবাদিকতার ইতিহাসের দলিল হয়ে থাকবে।”
সেখানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম শহিদুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মাহবুবুল আলম, এডিইউএসটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামসুল আলম লিটন, সদস্য-সচিব কামরুজ্জামান লিটু এবং সদস্য কামরুন নেহা।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আশরাফ আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার আব্দুল কাইউম সরদার, পরিচালক অর্থ সৈয়দা সারাহ্ আনওয়ার।