Published : 16 Feb 2026, 06:33 PM
ভক্তদের চমকে দিয়ে নেটফ্লিক্স প্রকাশ করেছে হলিউডের অভিনেতা ব্র্যাড পিট অভিনীত নতুন সিনেমার টিজার।
সুপার বোল চলাকালে দেখানো এই টিজারটি ছিল পরিচালক কুয়েনটিন টারানটিনোর সিনেমা ‘ওয়ানস আপন আ টাইম ইন হলিউড’ এর সিক্যুয়েল। খ্যাতনামা পরিচালক ডেভিড ফিঞ্চার পরিচালিত ও টারানটিনোর চিত্রনাট্যের এই নতুন এই সিক্যুয়েলের নাম ‘দ্য অ্যাডভেনচার্স অব ক্লিফ বুথ’।
সিনেমায় ব্র্যাড পিটকে দেখা যাবে আগের সিনেমার স্টান্টম্যান ক্লিফ বুথ চরিত্রে। ১৯৬০ এর দশকের শেষদিকের পটভূমিতে নির্মিত সিনেমাটির সংক্ষিপ্ত টিজারে রেট্রো মিউজিকের সঙ্গে বুথের কয়েকটি দৃশ্য তুলে ধরা হয়েছে।
সেখানে দেখাবে যাবে কখনো তিনি একটি বারে নির্ভার সময় কাটাচ্ছেন, কখনো ফিল্ম সেটের পাশে হাঁটছেন, আবার কখনো কাঁদামাটির রেস ট্র্যাকে গাড়ি চালাচ্ছেন।
এক পর্যায়ে বুথের সঙ্গে পরিচয় হয় এলিজাবেথ ডেবিকি ও ইয়াহিয়া আবদুল-মাতিন টু অভিনীত চরিত্রদের। দুজনেই হাজির হন ওই সময়ের হলিউড স্টাইলের ঝলমলে পোশাকে।
২০১৯ সালে টারানটিনোর সিনেমায় প্রথমবার ক্লিফ বুথ চরিত্রটির দেখা মেলে। এবার পরিচালকের চেয়ারে বসেছেন ডেভিড ফিঞ্চার। সিনেমার চিত্রনাট্য লিখেছেন টারানটিনো নিজেই, তবে পরিচালনার দায়িত্ব নেননি। হলিউডের সংবাদ মাধ্যমগুলোর খবর, তিনি বর্তমানে নিজের দশম ও শেষ সিনেমার প্রস্তুতিতে ব্যস্ত।
‘ওয়ানস আপন আ টাইম ইন হলিউড’ সিনেমার শেষভাগে দেখা যায়, ক্লিফ বুথ ও তার বন্ধু রিক ডাল্টন ১৯৬৯ সালে ইতিহাস বদলে ম্যানসন ফ্যামিলিকে হত্যা করে। নতুন সিনেমার গল্প এগোবে ১৯৭০–এর দশকে।
এই সিক্যুয়েলে লিওনার্ডো ডি ক্যাপ্রিওর রিক ডাল্টন চরিত্রটি ফিরছে না বলেই ধারণা করা হচ্ছে। বুথকে ঘিরেই আবর্তিত হবে নতুন গল্প।
সিনেমায় ব্র্যাড পিটের সঙ্গে অভিনয় করেছেন স্কট কান, এলিজাবেথ ডেবিকি, ইয়াহিয়া আবদুল-মাতিন টু, কারলা গুজিনো, হোল্ট ম্যাককালানি ও জেবি টাডেনা। পাশাপাশি, টিমোথি অলিফ্যান্ট আবারও জেমস স্টেসি চরিত্রে ফিরছেন।
সিনেমাটির প্রযোজনা করছেন টারানটিনো, ব্র্যাড পিট, ডেভিড হেইম্যান, শন শ্যাফিন ও স্টেসি শের। সিনেমাটোগ্রাফির দায়িত্বে আছেন ডেভিড ফিঞ্চারের ঘনিষ্ঠ সহযোগী এরিক মেসারসমিট।