Published : 18 Aug 2024, 03:38 PM
দীর্ঘ বিরতি পেরিয়ে ফের চলচ্চিত্র নির্মাণে ফিরেছেন সোহেল আরমান। তার আগামী সিনেমা ‘সংবাদ’ এর শুটিং শুরু হচ্ছে জুন মাসের প্রথম দিন।
তার আগে শনিবার এ সিনেমার মহরত হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন সিনেমার অভিনয়শিল্পী সালাউদ্দিন লাভলু, ইরফান সাজ্জাদ, আইশা খান ও সোহেল মন্ডল, তাহমিনা সুলতানা মৌ, সাজ্জাদ হোসেন দোদুল, আজম খান, রশেদ আলম খসরু ও এস এ হক অলিক।
১৮৭২ সালের একটি জমিদার বাড়ির কিছু ঘটনা নিয়ে সাজানো হয়েছে সিনেমার গল্প। সেই বাড়ি থেকে রহস্যজনকভাবে জিনিসপত্র হারাতে শুরু করে।
সিনমার গল্প লিখেছেন এন এ খোকন, প্রযোজনাও করেছেন তিনি। চিত্রনাট্য করেছেন সোহেল আরমান নিজেই। আগামী বছর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
'সংবাদ' সিনেমায় যুক্ত হওয়ার পিছনের গল্প শুনিয়ে নির্মাতা সোহেল আরমান বলেন, "কোভিড মহামারীর আগে নাটকীয়ভাবে এন এ খোকনের সঙ্গে আমার দেখা। খোকন যখন পরিচালক ছিল, তখন তার অনেক নাটকে আমি অভিনয় করেছি। এখন সে নির্মাণে আর নেই।
“খোকন আমাকে বলে, 'আমি তো এখন ব্যবসা করছি, আর নির্মাণে নেই। কিন্তু আমার একটা গল্প আছে।' আমাকে সে শোনায়। সে প্রযোজনা করবে তা জানায়। কিন্তু নির্মাণ করবে কে তা আমাকে বলেনি।
“খোকন 'সংবাদ' এর মূল গল্পটা আমাকে শুনিয়েছিল আসলে চার বছর আগে। আমি তারপরে ভুলেই গেছি প্রায়। গত রোজায় সে আমার কাছে পাণ্ডুলিপি নিয়ে আসে। এসে পাণ্ডুলিপি পড়তে দিয়ে যায়। সারারাত জেগে গল্পটা পড়ি। সকালে সে আমাকে অবাক করে বলে, 'এটা তুমি নির্মাণ করবে, এই গল্পটা তোমার জন্য।’ সেই থেকে শুরু।"
সিনেমার শুটিং শুরুর খবর দিয়ে আরমান বলেন, "আগামী ১ জুন শুরু হয়ে ১৩ জুন পর্যন্ত প্রথম লটের শুটিং চলবে। তারপর ঈদের ছুটির পর আবার শুটিং শুরু হবে। আশা করছি, দর্শক দারুণ কিছু পেতে যাচ্ছেন।"
'সংবাদ' সিনেমায় সাংবাদিক চরিত্রে অভিনয় করছেন সালাউদ্দিন লাভলু। তিনি বলেন, "আমজাদ হোসেনের সিনেমা দেখে সিনেমায় আসার স্বপ্ন দেখেছি। বাংলা সিনেমায় তাকে বলা হয় গ্রাম বাংলার জীবন। এবার তার ছেলের (সোহেল আরমান) নির্মাণে যুক্ত হয়েছি। আশা করছি, 'সংবাদ' সিনেমা চলচ্চিত্রের জন্য সু-সংবাদ বয়ে নিয়ে আসবে।"
সিনেমায় প্রধান তিন চরিত্রে অভিনয় করছেন ইরফান সাজ্জাদ, আইশা খান ও সোহেল মন্ডল।
ইরফান সাজ্জাদ বলেন, "আমার ক্যারিয়রের চর্তুথ সিনেমা এটি। চলতি বছরটি আমার জন্য লাকি। কয়েক বছর পারিবারিক কারণে কাজ থেকে কিছুটা দূরে ছিলাম। এখন সিনেমার ভালো সময় যাচ্ছে। মানুষ আমাকে সিনেমার মাধ্যমে চিনুক সবসময় সেটাই চেয়েছি। সেই প্রচেষ্টার মধ্যেই আছি। সংবাদের গল্পটা দুর্দান্ত। চরিত্র শুনেই সিদ্ধান্ত নিই কাজটি করতেই হবে।"
আইশা খান বলেন, "সুন্দর একটি গল্পের আইডিয়া নিয়ে এসেছেন খোকন ভাই। আমি সবসময় ভালো নির্মাতার সঙ্গে কাজ করতে চাই। তার মধ্যে সোহেল ভাই একজন। তিনি যখন গল্প বলেছেন, চোখ দিয়ে পানি বের হয়েছে। যতবার গল্পটি পড়েছি চোখ দিয়ে পানি পড়েছে। আমি তার লেখার ভীষণ ভক্ত। চরিত্র নিয়ে এখনই কিছু বলতে চাই না। আশা করি, দর্শকরা নিরাশ হবেন না।"
সোহেল মন্ডল বলেন, "সোহেল ভাইয়ের সঙ্গে প্রথম কাজ করছি। গল্প শুনেই মনে হয়েছে এটার সঙ্গে যুক্ত হওয়া দরকার। সিনেমাটি নিয়ে আমি বেশ আশাবাদী।"