১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আজান শুরুর আগে গান থামালেন সোনু, ভাসলেন প্রশংসায়

সোনু বলেন, “আমাকে দুই মিনিট দিন দয়া করে। এখানে এখনই আজান শুরু হবে।”

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2025, 03:09 PM

Updated : 26 Aug 2026, 02:35 PM

এক সময় মাইকে আজান চলা নিয়ে আপত্তি জানিয়ে বিতর্কে জড়িয়েছিলেন বলিউডের প্লেব্যাক গায়ক সোনু নিগম। এবার উল্টো রাস্তায় হাঁটলেন সোনু নিগম। 

মাইকে আজানের সুর উঠতেই, নিজের অনুষ্ঠান থামিয়ে দিলেন। সেই ভিডিও ছড়িয়েছে সোশাল মিডিয়ায়। 

টাইমস অব ইন্ডিয়া লিখেছে শ্রীনগরে অনুষ্ঠান করতে গিয়েছিলেন সোনু। শ্রীনগরে এটি তার প্রথম অনুষ্ঠান। ভিডিওতে দেখা যাচ্ছে, আজান শুরু হবে বলে দুই মিনিটের বিরতি নেন গায়ক। 

সোনু বলেন, “আমাকে দুই মিনিট দিন দয়া করে। এখানে এখনই আজান শুরু হবে।” 

এই বলে তিনি অনুষ্ঠান বন্ধ রাখেন কিছুক্ষণ। উপস্থিত শ্রোতাদর্শক সোনুর এই আচরণের যথেষ্ঠ প্রশংসা করেন। 

আজান শেষ হওয়ার পরে ফের অনুষ্ঠান শুরু করেন গায়ক। শ্রোতারাও তার সুরের মূর্ছনায় ভাসেন। 

২০১৭ সালে মাইকে আজানের সুর নিয়ে আপত্তি জানিয়েছিলেন সোনু। মুম্বাইয়ে সোনু যেখানে থাকতেন তার ঠিক সামনেই একটি মসজিদ ছিল। প্রতিদিন ভোরে আজানের শব্দেই তার ঘুম ভাঙত বলে সোনু বলেছিলেন।

সেই আজান নিয়ে বিরক্তি জানাতে গিয়ে সোনু লিখেছিলেন, “জোর করে এ ভাবে ধর্মের সশব্দ ঘোষণা এ দেশে কবে বন্ধ হবে?” 

আরও একটি টুইট বার্তায় (বর্তসানে এক্স)  করে তিনি লিখেছিলেন, “মন্দির বা গুরুদ্বারে ভোরবেলা আলো জ্বালিয়ে অন্য ধর্মের মানুষের ঘুম ভাঙিয়ে দেওয়াতেও আমি বিশ্বাস করি না।” 

এই মন্তব্যের জন্য বিতর্কে জড়িয়েছিলেন সোনু। এমনকি তাকে বয়কট করার ডাকও দেওয়া হয়েছিল।

কিছুদিন আগে মুক্তি পাওয়া ‘পরম সুন্দরী’ সিনেমায় ‘পারদেশিয়া’ গানের জন্য প্রশংসা কুড়িয়েছেন। এই সিনেমায় জাহ্নবী কাপুর এবং সিদ্ধার্থ মালহোত্রা মূল দুই চরিত্রে অভিনয় করেন।