১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঈদের আগে ওটিটিতে ‘রাজকুমার’

ঈদের সময় রাজকুমার বঙ্গে প্রদর্শনের পরিকল্পনা করা হয়েছে, তারিখ চূড়ান্ত হয়নি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 12:44 PM

Updated : 10 Sep 2026, 12:07 PM

রোজার ঈদে দর্শকরা ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের ‘রাজকুমার’ দেখেছিলেন প্রেক্ষাগৃহে গিয়ে। আর এই ঈদে সিনেমাটি দেখা যাবে ঘরে বসে। 

অর্থাৎ, হলিউডি অভিনেত্রীকে নিয়ে শাকিবের ‘রাজকুমার’ আসছে ওটিটিতে। 

কোরবানির ঈদের আগে ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’তে সিনেমাটি আসছে বলে জানিয়েছেন এর হেড অব কনটেন্ট মোহাম্মদ আলী হায়দার।

তিনি গ্লিটজকে বলেন, “ঈদকে ধরে রাজকুমার বঙ্গে প্রদর্শনের পরিকল্পনা করছি। এখনো তারিখ চূড়ান্ত হয়নি।”

চলতি বছর শাকিবের সিনেমা ক্যারিয়ারের রজতজয়ন্তী। এই বিশেষ বছরকে মাথায় রেখে ‘রাজকুমার’ ওটিটিতে আনা হচ্ছে বলে বঙ্গের চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জু জানান।

তিনি বলেন, "এই অল্প সময়ে সিনেমাটি ওটিটিতে দিতে পারছি, সেটা আমাদের জন্য একটা ভালো ব্যাপার।”

‘রাজকুমার’ সিনেমায় শাকিবের নায়িকা হয়েছেন যুক্তরাষ্ট্রের অভিনেত্রী কোর্টনি কফি। 

গেল বছরের ডিসেম্বরের শেষ থেকে শুরু হয় এ সিনেমার শুটিং। দেশের পাবনা, ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, সাজেক এবং যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ঘুরে সেই শুটিং শেষ হয়। 

ঈদে মুক্তির পর যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, আরব আমিরাতেও সিনেমাটি দেখানো হয়। 

প্রযোজনা সংস্থা ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে ‘রাজকুমার’ নির্মাণ করেছেন ‘প্রিয়তমা’ সিনেমার নির্মাতা হিমেল আশরাফ। 

মুক্তির আগে শাকিবের ভাষ্য ছিল 'রাজকুমার' আন্তর্জাতিক মানের একটি সিনেমা হতে চলেছে।

তবে মুক্তির পর হল মালিকরা গ্লিটজকে বলেছিলেন, ঈদের সিনেমাগুলোর মধ্যে 'রাজকুমার' দেশের সর্বোচ্চ সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও তেমন দাপট দেখাতে পারেনি।  

হল মালিক এবং সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বলছে, গেলবার মুক্তি পাওয়া শাকিবের 'প্রিয়তমা'র ধারেকাছে পৌঁছুতে পারেনি 'রাজকুমার’।