১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নতুন করে ফিরছে ‘স্বপ্ন যাবে বাড়ি’, এবার নারী কণ্ঠে

‘স্বপ্ন যাবে বাড়ি’ গানটিতে নতুন করে কণ্ঠ দিয়েছেন দোলা রহমান।

নতুন করে ফিরছে ‘স্বপ্ন যাবে বাড়ি’, এবার নারী কণ্ঠে
‘স্বপ্ন যাবে বাড়ি’ গানের শুটিংয়ের দৃশ্য। ছবি: পরিচালকের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2025, 10:00 PM

Updated : 26 Aug 2026, 01:08 PM

ঈদের গান হিসেবে দারুণ সাড়া তোলা ‘স্বপ্ন যাবে বাড়ি’ শিরোনামের গানটি আসছে নতুন আঙ্গিকে। 

এবার নারী কণ্ঠে এবং নতুন সংগীতায়োজনে শোনা যাবে গানটি; গেয়েছেন দোলা রহমান। সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।

একটি বিজ্ঞাপনচিত্রের জিঙ্গেলে ব্যবহৃত এই গানটি এবার ‘মিউজিক্যাল ফিল্ম’ হিসেবে দেখা যাবে বলে গ্লিটজকে এর নির্মাতা পিপলু আর খান জানিয়েছেন। 

পিপলু বলেন, “আমরা গানটি নতুন করে আয়োজন করেছি, কোনো পরিবর্তন করিনি। এবার গল্পে নতুনত্ব এসেছে একজন নারীর আবেগ, তার জার্নি ও তার কথাকে ঘিরে। যেখানে প্রথমবারের মত গেয়েছেন একজন নারী শিল্পী।"

পিপলুর কথায়, ঈদে ঘরে ফেরা মানুষের আবেগ নিয়ে নির্মিত ৩ মিনিট দৈর্ঘ্যের এই ভিডিওটিকে কেবল বিজ্ঞাপনচিত্র হিসেবে দেখছেন না তিনি। তাই এই ভিডিওটিকে ‘মিউজিক্যাল ফিল্ম’ হিসেবে তুলে ধরছেন তিনি। 

গানটি নতুন করে নিয়ে আসার পেছনের গল্পটি গ্লিটজ জানতে চাইলে পিপলু বলেছেন, নতুন প্রজন্মের কাছে নতুনভাবে উপস্থাপন করার চিন্তা থেকেই কাজে হাত দেওয়া।

নির্মাতা বলেন, “সুরের তো ভিন্ন ভিন্ন প্রভাব থাকে, সেটা নতুনভাবে সামনে আনলে নতুন সম্ভাবনাও তৈরি হয়। আমার কাছে যখন এই প্রস্তাবটা এল, মনে হল এটা অসাধারণ, আমি এটা করতে চাই। আশা করছি দোলার কণ্ঠে এই গানটিও সবাই পছন্দ করবে এবং গল্পটা সবার হৃদয় ছুঁয়ে যাবে।" 

সংগীত পরিচালক ইমন চৌধুরী বলেন, “গানটি আমাদের সবার প্রিয়, হাবিব ভাইয়ের সংগীতায়োজন ছিল মূল ভার্সনে। সেই কালজয়ী গানকে নতুনভাবে উপস্থাপন করা একধরনের নস্টালজিয়া।“

গল্পনির্ভর এই কাজটি প্রথমবারের মত নারীকণ্ঠে গাওয়ার বিষয়টি তারা উপভোগ করেছেন বলেও জানিয়েছেন ইমন।

‘স্বপ্ন যাবে বাড়ি’ গান রেকর্ডিংয়ের সময় দোলা রহমান। ছবি: পরিচালকের সৌজন্যে।  

‘স্বপ্ন যাবে বাড়ি’ গান রেকর্ডিংয়ের সময় দোলা রহমান

শিল্পী দোলা রহমান গানটি গেয়ে যেমন আনন্দিত, তেমনি কিছুটা দোটানায়ও রয়েছেন তিনি। 

“আমি একটু নার্ভাস আবার খুব এক্সসাইটেডও। গানটা এতদিন মানুষের মনে ছিল, এবার সেটা নারী কণ্ঠে আসছে, এটা আমার জন্য অনেক স্পেশাল। আশা করছি নতুন এই সংস্করণে নারীর চোখ দিয়ে দেখা এক ঘরে ফেরার গল্প সবার পছন্দ হবে।" 

২০০৯ সালে বিজ্ঞাপনের জিঙ্গেল হিসেবে ‘স্বপ্ন যাবে বাড়ি’ গানের সুর করেন সংগীতশিল্পী ও সুরকার হাবিব ওয়াহিদ। গ্রামীণফোনের তৎকালীন কর্মকর্তা আনিকা মাহজাবিন নন্দিনীর লেখা জিঙ্গেলটি প্রথম কণ্ঠে তোলেন শিল্পী মিলন মাহমুদ।

ওই বছরই গ্রামীণফোন থেকে গানটির একটি ভিডিওচিত্র নির্মাণ করে প্রচার করা হয়। পরের বছরও গানটির ভিডিওচিত্র দেখা যায় টেলিভিশনে। এরপর প্রচার বন্ধ থাকলেও ঈদ আসলে সোশাল মিডিয়ায় ভেসে ভেসে বেড়ায় ‘স্বপ্ন যাবে বাড়ি’ গানটি।

২০১৬ সালে বিজ্ঞাপনটি নতুন করে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। গানের শিরোনাম এক থাকলেও নতুন কথায় সাজানো হয় গানটি। ভিডিওচিত্রে তুলে ধরা হয় নতুন গল্প।

দ্বিতীয় পর্বে গানের নতুন কথা লেখেন রাসেল মাহমুদ, নতুন সুর করেন হাবিব ওয়াহিদই। এবার কণ্ঠ দেন মিঠুন চক্র।

গত বছরও গানটির নতুন বিজ্ঞাপনচিত্র নির্মাণ হয়েছিল। সেই বিজ্ঞাপনে প্রবাসীদের গল্প তুলে ধরা হয়েছিল।