১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘এবার বাঁচালাম, প্রতিবার পারব না’, কাকে সতর্ক করলেন সোনু নিগম?

নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তিকে মঞ্চ থেকে সরাতে উদ্যত হলে সোনু তার হাতে মাইক্রোফোন তুলে দেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2026, 10:36 AM

Updated : 26 Aug 2026, 03:38 PM

পরিস্থিতি নাগালের বাইরে চলে গেলে তারকাদের মেজাজ হারানোর ঘটনা নতুন নয়! কিন্তু মাথা ঠাণ্ডা রেখে কনসার্টের মধ্যে এক ভক্তকে নিরাপত্তাকর্মীদের হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন ভারতীয় গায়ক সোনু নিগম। 

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এই ঘটনার ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কদিন আগে ভারতের কোলাপুরে একটি কনসার্টে গান করছিলেন সোনু। আচমকা এক দর্শক তার আসন ছেড়ে লাফিয়ে উঠে পড়েন মঞ্চে। তারপর কনসার্টের মাঝে ওই অনুরাগী যা করেন, তাতে কিছুক্ষণের জন্য গান থামাতে বাধ্য হন সোনু। 

ততক্ষণে মঞ্চে আয়োজকরা ছুটে আসনে, মারমুখী হয়ে ওই ব্যক্তির দিকে এগিয়ে যান অনুষ্ঠানের নিরাপত্তাকর্মীরা। লাইভ শোয়ে ছন্দপতন ঘটায় দর্শক সারি থেকেও চিৎকার-চেঁচামেচি শুরু হয়। 

তখন নিরাপত্তাকর্মীদের আটকে এবং রাগ না করে, শান্ত কণ্ঠে ওই ভক্তকে সোনু বলেন, ‘বাহ, সাবাশ!’ 

এরপর নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তিকে মঞ্চ থেকে সরাতে উদ্যত হলে তখন সোনু তার হাতে মাইক্রোফোন তুলে দেন যাতে তিনিও কয়েক কলি গাইতে পারেন।

সোনু যেখানে থেমে যেতে বাধ্য হয়েছিলেন, ‘চোরি কিয়া রে জিয়া’ গানের সেখান থেকে শুরু করেন ওই ব্যক্তি। গান শেষে ওই ব্যক্তি সোনুর উদ্দেশে বলে ওঠেন, ‘কোলাপুর আপনাকে ভালোবাসে’। 

তবে ভবিষ্যতে কেউ যেন এমন কাজ না করেন, তা নিয়েও সতর্ক করেন সোনু। 

তিনি বলেন, “কেন মার খাওয়ার মত কাজ করেন? এইবার তো বাঁচিয়ে নিলাম, প্রতিবার কিন্তু বাঁচাতে পারব না।”

সোনুর তাৎক্ষিণক বুদ্ধিতে পরিস্থিতি সামলানোর দক্ষতার প্রশংসা করেছেন অনেকে। 

কেউ বলেছেন, “অবিশ্বাস্য, কতসুন্দরভাবে কাজটি করলেন। এভাবেই ভক্তের পছন্দের মানুষ হতে হয়।” 

আরেকজন বলেছেন, “এমন করা উচিত নয়, তাতে শিল্পীর কাজের ছন্দ নষ্ট হয়। এছাড়া এ ধরনের ঘটনা উস্কানিমূলক।”

ভারতের হিন্দি সিনেমার প্লেব্যাকের একজন জনপ্রিয় শিল্পী সোনু নিগম। পাঁচ বছর থেকে সংগীত চর্চা শুরু হয়েছিল যার, চলছে আজ অবধি।