১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বছর শেষে বাপ্পার ‘এই ব্যথা’

"গানটির যে ভিডিও তৈরি করা হয়েছে এই ধরণের মিউজিক ভিডিও আমাদের দেশে একেবারেই নতুন।”

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2026, 08:39 PM

Updated : 10 Sep 2026, 12:46 PM

প্রেম, শূন্যতা আর একাকীত্বের গল্প নিয়ে বছরশেষে গায়ক বাপ্পা মজুমদার গেয়েছেন নতুন গান ‘এই ব্যথা’।

‘এই ব্যথা কি তোমার অনুগত, চাইলেই রোদে এসে পেতে দেয় গা, এই ব্যথা কি দিনান্তে কোনও হাওয়া, স্বপ্নের মত সারা রাত্রি জেগে থাকা’-কথার এই গানের গীতিকার মাহি ফ্লোরা।

ধ্রুব মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেলে শোনা যাচ্ছে গানটি। পাশাপাশি দেশি ও আন্তর্জাতিক সব মিউজিক প্ল্যাটফর্মে গানটি পাওয়া যাচ্ছে।

‘এই ব্যথার’ সুর করেছেন এহসান রাহি ও সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন। গানটির ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার।

গান নিয়ে বাপ্পা মজুমদার বলেন, অনেকদিন পরে আয়োজন করে একটা গান হল।

“আমি আনন্দিত। এই টিমে যারা কাজ করেছে তারা প্রত্যেকেই ট্যালেন্টেড। সবাই যার যার সেরাটা দিয়েছে এই গানে।

"গানটির যে ভিডিও তৈরি করা হয়েছে এই ধরণের মিউজিক ভিডিও আমাদের দেশে একেবারেই নতুন। যা একটি ভিন্নমাত্রা এনে দিবে বলে আমি বিশ্বাস করি। আশা করছি গানটি সবার ভালো লাগবে।’’

গানটি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব গুহ বলেন, “বাপ্পাদার ‘এই ব্যথা’ প্রকাশ করতে পেরে ধ্রুব মিউজিক স্টেশন আনন্দিত। আমি আশা করছি গানটি শ্রোতাদের অনেক ভালো লাগবে।’’

বেশ কিছুদিন ধরে একের পর এক গান সামনে আসছেন বাপ্পা মজুমদার। গেল অক্টোবরে এসেছে এই শিল্পীর একক গান ‘শহরের চোখ’।

গত অগাস্টে 'এক কাপ চা’ শিরোনামের আরেকটি গানও গায়কের ইউটিউব চ্যানেলে এসেছিল।

এ ছাড়াও দলছুট ব্যান্ডের ‘সঞ্জীব’ অ্যালবাম নিয়ে অনেক দিন ধরেই ব্যস্ত সময় পার করছিলেন বাপ্পা।

গত এপ্রিলে প্রকাশ্যে এসেছে অ্যালবামটি। এই ব্যান্ডের যার হাত ধরে গড়ে ওঠা সেই প্রয়াত শিল্পী সঞ্জীব চৌধুরীকে উৎসর্গ করে অ্যালবামের নাম রাখা হয়েছে।

‘তুমি যাও’, ‘প্রবঞ্চনা’, ‘গানের শুরুটা’, ‘তুমি আছো নাকি’, ‘মন কারিগর’, ‘শূন্য লাগে’, ‘দুটো মানুষ’, ‘মন দাবাড়ু’, ‘তার ছায়ায়’, ‘মেঘ জমেছে’ ও ‘সঞ্জীব চৌধুরী’ শিরোনামের গানগুলো রয়েছে ‘সঞ্জীব’ অ্যালবামে।