১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আসিফ ইকবালের কথায় কোনাল গাইলেন ‘ময়না’

গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে আসবে ‘ময়না’।

আসিফ ইকবালের কথায় কোনাল গাইলেন ‘ময়না’
‘ময়না’ গানের শিল্পীরা। ছবি: প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2025, 10:00 AM

Updated : 26 Aug 2026, 01:24 PM

গীতিকার আসিফ ইকবালের কথায় ‘ময়না’ নামের একটি গানে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী কোনাল। 

প্রযোজনা প্রতিষ্ঠান গানচিলের ব্যানারে নির্মিত হয়েছে গানটি। বিজ্ঞপ্তিতে প্রযোজনা প্রতিষ্ঠানটি জানিয়েছে, ১০টি গানের একটি বিশেষ প্রজেক্ট তারা নির্মাণ করছেন। সেই প্রজেক্টের প্রথম গান হিসেবে আগামী ২৪ জুলাই গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রচার হবে ‘ময়না’।  

গানের সুরকার-সঙ্গীত পরিচালক কলকাতার আকাশ সেন এবং ঢাকার কণ্ঠশিল্পী নিলয় ডি রকস্টার।

গানটি নিয়ে গীতিকার আসিফ ইকবালের ভাষ্য, ময়না হচ্ছে ভালোবাসার পাখির নাম। সে বিষয়ই গানে উঠে এসেছে। 

“আমি তো সিরিয়াস কথার বা রোমান্টিক গান লিখি। এ ধরণের গানের কথা কখনো লেখা হয়নি। জানিনা কেমন হয়েছে। তবে আকাশ দারুণ সুর করেছে। কোনাল ও নিলয় দারুণ গেয়েছেন। এবার শ্রোতা দর্শকদের কেমন লাগবে সেটাই জানার অপেক্ষা।”  

গানটি নিয়ে কোনাল বলেন, “আসিফ ইকবাল ভাই অসাধারণ লেখেন। আমি, তিনি ও আকাশ সেন একসঙ্গে অনেক গান করেছি যেগুলো দর্শকপ্রিয়তা পেয়েছিল। আমাদের ‘ও প্রিয়তমা’ গানটা তো এখনো মানুষের মুখে মুখে। এবারও দারুণ আয়োজনে ‘ময়না’ গানে কণ্ঠ দিয়েছি। আমার বিশ্বাস, এটি শ্রোতাদের মনে জায়গা করে নেবে।”

গানটি সবাই পছন্দ করবেন এমন প্রত্যাশার কথা জানিয়েছেন আকাশ সেন ও নিলয়।