১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শিশুর চোখে পৃথিবী, মঞ্চে ‘গার্ডিয়ানস অফ দ্য গডস’

শনিবার নাটকটির দুটি প্রদর্শনী হবে সন্ধ্যা ৬টা এবং সাড়ে ৭টায়।

শিশুর চোখে পৃথিবী, মঞ্চে ‘গার্ডিয়ানস অফ দ্য গডস’
‘গার্ডিয়ানস অফ দ্য গডস’ নাটকের দৃশ্য। ছবি: প্রাচ্যনাট থিয়েটারের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2025, 01:08 PM

Updated : 26 Aug 2026, 05:18 PM

এই পৃথিবীকে শিশুরা কীভাবে দেখে, তাদের ভরসা, ভয় শক্তির সেই জগৎ মঞ্চে তুলে ধরছে নাটক ‘গার্ডিয়ানস অফ দ্য গডস’।

প্রাচ্যনাট ও সুইডেনের উঙ্গা ক্লারার যৌথ প্রযোজনার এই নাটকটি দেখা যাবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে।

প্রাচ্যনাট থিয়েটার বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শনিবার নাটকটির দুটি প্রদর্শনী হবে সন্ধ্যা ৬টা এবং সাড়ে ৭টায়।

‘গার্ডিয়ানস অফ দ্য গডস’রচনা করেছেন এরিক উডেনবার্গ; পরিচালনা করেছেন সুইডিশ নির্দেশক গুস্তাভ দাইনফ। বাংলায় রূপান্তর করেছেন তাসনুভা রুবাইয়াত।

‘গার্ডিয়ানস অফ দ্য গডস’ নাটকের দৃশ্য। ছবি: প্রাচ্যনাট থিয়েটারের সৌজন্যে।  

‘গার্ডিয়ানস অফ দ্য গডস’ নাটকের দৃশ্য

নাটকের চিত্রনাট্যে শিশুদের অভিজ্ঞতা ও ভেতরের জগৎকে প্রাপ্তবয়স্ক চরিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। যেখানে দেখা যাবে ‘এ’ ও ‘বি’ নামের দুই কেন্দ্রীয় চরিত্র রূপ বদলাতে পারে এবং তাদের রয়েছে অতিপ্রাকৃত ক্ষমতা। এই ক্ষমতার মধ্য দিয়ে উন্মোচিত হয় শিশু ও প্রাপ্তবয়স্কদের সম্পর্কের জটিলতা, যেখানে প্রাপ্তবয়স্করা কখনও রক্ষক, কখনও ভয়ংকর হয়ে ওঠে।

‘গার্ডিয়ানস অফ দ্য গডস’ কথা বলে শিশুদের নিয়ে। এই পৃথিবীর সকল শিশুই একটিমাত্র কারণে একই সুতায় বাধা, তারা সকলেই বাস করে এমন এক পৃথিবীতে যা প্রাপ্তবয়স্কদের দ্বারা নিয়ন্ত্রিত। 

নাটকে দেখানো হয়েছে শিশুরা কীভাবে এই নিয়ন্ত্রিত পৃথিবীতে ভয়, বিশ্বাস ও প্রতিরোধের ভেতর দিয়ে এগিয়ে যায় এবং নিজেদের শক্তি খুঁজে নেয়।  

নাটকটি ‘দ্য চাইল্ডহুড প্রজেক্টের’ অংশ, যা বাংলাদেশ থেকে ফিনল্যান্ড পর্যন্ত বিভিন্ন দেশের থিয়েটার দলের একটি আন্তর্জাতিক উদ্যোগ। এর লক্ষ্য বিশ্বজুড়ে শিশু ও তরুণদের জন্য সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করা।  

প্রাচ্যনাট জানিয়েছে, ২০২৫ সাল জুড়ে পাঁচ মহাদেশের ২৫টি দেশে নাটকটি প্রদর্শীত হয়েছে। এর বৈশ্বিক প্রিমিয়ার হয় গত ৩০ মে তুরস্কের দিয়ারবাকর শহরে। সেই ধারাবাহিকতায় চলতি বছর সেপ্টেম্বর মাসে বাংলাদেশে নাটকটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।

নাটকটি নির্মিত হয়েছে পাঁচ মহাদেশের ১১টি দেশের শিশু ও প্রাপ্তবয়স্কদের সাক্ষাৎকারের ভিত্তিতে। 

নাটকটি নিয়ে পরিচালক গুস্তাভ দাইনফ বলেন, “এই নাটকটি বিশ্বব্যাপী শিশুদের কণ্ঠস্বর তুলে ধরে। দর্শকদের জন্য এটি একাধারে অনুপ্রেরণামূলক ও শক্তিশালী অভিজ্ঞতা হতে পারে।”

নাট্যকার এরিক উডেনবার্গ বলেন, “সারা বিশ্বের মানুষের জন্যেই একটি সার্বজনীন প্রশ্ন হতে পারে ‘শিশুরা কীভাবে বড়দের জগতে মানিয়ে চলে’। আর এই প্রশ্নের মাধ্যমে পৃথিবীর নানা প্রান্তের মানুষকে একসূত্রে বাঁধতে পারা আমার জন্যে অত্যন্ত তৃপ্তিদায়ক একটি অভিজ্ঞতা।”

‘গার্ডিয়ানস অফ দ্য গডস’ নাটকের দৃশ্য। ছবি: প্রাচ্যনাট থিয়েটারের সৌজন্যে।  

‘গার্ডিয়ানস অফ দ্য গডস’ নাটকের দৃশ্য

বাংলাদেশ থেকে এই প্রযোজনায় অভিনেতা ও উপদেষ্টা হিসেবে যুক্ত আছেন তৌফিকুল ইসলাম ইমন। 

তিনি বলেন,“‘গার্ডিয়ানস অফ দ্য গডস’ শুধু একটি নাটক নয়, এটি একটি বৈশ্বিক অভিযানের অংশ। ১১টি দেশের শিল্পীদের সঙ্গে কাজ করা মানে প্রতিটি মহড়াই ছিল সাংস্কৃতিক বিনিময়ের এক অনন্য সুযোগ।”

নাটকে অভিনয় করছেন তৌফিকুল ইসলাম ইমন এবং নাহিদা আখতার আঁখি, ডায়ানা মেরিলিন।

কোরিওগ্রাফিতে আছেন ডায়ানা মেরিলিন, মঞ্চ ও পোশাক পরিকল্পনা করেছেন দেনিজ গোল, সংগীতে রয়েছেন তাইজা নেইং।