Published : 31 Jan 2026, 10:53 PM
দেশের সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান গানচিলের দুই দশক পূর্তিকে ঘিরে সম্মাননা দেওয়া হলো সংগীতশিল্পী নকীব খান, কুমার বিশ্বজিৎ ও রেজা রহমানকে।
শুক্রবার সন্ধ্যায় গুলশান ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা দেওয়া হয়। প্রতিষ্ঠানটির ২০ বছর পূর্তির এই আয়োজনে অংশ নেন সংগীতশিল্পী, সুরকার, গীতিকার ও সংগীতাঙ্গনের বিভিন্ন পর্যায়ের মানুষেরা।

২০০৫ সালের শেষ দিকে নকীব খান, কুমার বিশ্বজিৎ, আসিফ ইকবাল ও রেজা রহমানের উদ্যোগে যাত্রা শুরু করে গানচিল।
বর্তমানে গানচিলের কর্ণধার হিসেবে দায়িত্ব পালন করছেন আসিফ ইকবাল। তার উদ্যোগেই অনুষ্ঠানে প্রতিষ্ঠানের তিন প্রতিষ্ঠাতাকে সম্মাননা দেওয়া হয়। কানাডায় থাকায় কুমার বিশ্বজিৎ সরাসরি উপস্থিত থাকতে না পারলেও ভিডিও কলে অনুষ্ঠানে যুক্ত হন।
অনুষ্ঠানে আসিফ ইকবাল গানচিলের নতুন লোগো উন্মোচন ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন।
“সামনে গানচিল থেকে নাটক, গানচিল অরিজিনালস, নতুন সংগীত প্রকল্প এবং ‘পথের গল্প’ শিরোনামে ‘অদেখা বাংলাদেশ’ নিয়ে কাজের পরিকল্পনা রয়েছে।”
সম্মাননা পর্ব শেষে সাংস্কৃতিক আয়োজনে গান পরিবেশন করেন সংগীতশিল্পী সালমা, কিশোর, মাহাদি, দোলা, কোনাল, নিলয়সহ বিভিন্ন শিল্পীরা। শিল্পীদের কণ্ঠে গানচিলের জনপ্রিয় গানগুলো পরিবেশিত হয়।

২০০৫ সালে সংগীত প্রযোজনায় যাত্রা শুরু করা গানচিল প্রথম দিকে মেহরাব-রুমির ‘আড্ডা’ ও ‘বিউটির চরণদাসী’ অ্যালবাম প্রকাশ করে। ২০০৮-০৯ সালে পাইরেসি ও এফএম রেডিও সংস্কৃতির প্রভাবে অ্যালবাম বাজারে মন্দা দেখা দিলে ২০১২ সালে গান প্রকাশ সাময়িকভাবে বন্ধ হলেও ২০১৫ সালের পর প্রতিষ্ঠানটি আবার সক্রিয় হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে গানচিল অরিজিনালসের দ্বিতীয় গান ‘ও জান’ এর মিউজিক্যাল ফিল্ম প্রদর্শন করা হয়। আসিফ ইকবালের লেখায় গানটিতে কণ্ঠ দিয়েছেন কোনাল ও নিলয়। ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু।