১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মঞ্চে ‘ভাসানে উজান’: আত্মজিজ্ঞাসা ও অস্তিত্ব সংকটের টানাপোড়েন

শুক্রবার রাজধানীর স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় 'ভাসানে উজান' নাটকের উদ্বোধনী প্রদর্শনী হওয়ার কথা রয়েছে।

মঞ্চে ‘ভাসানে উজান’: আত্মজিজ্ঞাসা ও অস্তিত্ব সংকটের টানাপোড়েন
‘ভাসানে উজান’ নাটকের দৃশ্য। ছবি: বিবেকানন্দ থিয়েটারের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2025, 10:31 AM

Updated : 26 Aug 2026, 05:09 PM

নাট্যদল বিবেকানন্দ থিয়েটার মঞ্চে আনছে একক অভিনয়ের নতুন নাটক ‘ভাসানে উজান’। 

এই নাটকটি বিবেকানন্দ থিয়েটারের ২৫তম প্রযোজনা। নাট্যদলটি জানিয়েছে, দস্তয়ভস্কির বিখ্যাত ছোটগল্প দ্য জেন্টেল স্পিরিট অবলম্বনে নির্মিত নাটকটির নাট্যরূপ দিয়েছেন অপূর্ব কুমার কুণ্ডু; নির্দেশনা দিয়েছেন শুভাশীষ দত্ত তন্ময়।  

শুক্রবার রাজধানীর স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় 'ভাসানে উজান' নাটকের উদ্বোধনী প্রদর্শনী হওয়ার কথা রয়েছে। এতে একক অভিনয়ে থাকছেন মো. এরশাদ হাসান।  

নাটকের চিত্রনাট্য তৈরি হয়েছে আধুনিক জীবনের টানাপোড়েন, মানবমনের অন্তর্দহন, সম্পর্কের সংকট ও ব্যক্তিগত নৈঃসঙ্গ নিয়ে। একজন মানুষের আত্মজিজ্ঞাসা ও অস্তিত্ব সংকট নিয়েই এই নাট্যচিত্র তৈরি হয়েছে। দস্তয়ভস্কির মনস্তাত্ত্বিক গভীরতাকে নতুন ভাষায় ও সমসাময়িক প্রেক্ষাপটে উপস্থাপন করেছে নাটকটি। 

বিজ্ঞপ্তিতে নির্দেশক শুভাশীষ দত্ত তন্ময় বলেন, “দস্তয়ভস্কির গল্পের মনস্তত্ত্ব, অপূর্ব কুমার কুণ্ডুর নাট্যরূপ এবং এরশাদ হাসানের একক অভিনয়ের শক্তিশালী উপস্থিতি মিলিয়ে ভাসানে উজান আমাদের জন্য এক চ্যালেঞ্জিং ও অসাধারণ নির্মাণযাত্রা। আশা করছি নাটকটি দর্শকদের চিন্তা, অনুভব ও আত্মদর্শনের নতুন দরজা খুলে দেবে।”

নাট্যকার অপূর্ব কুমার কুণ্ডু বলেন, “মানুষ সত্যিকারে ভালো হয়ে শেষ পর্যন্ত ভালো থাকতে পারে কী না এই প্রশ্নের অনুসন্ধানই ভাসানে উজান নাটক।” 

‘ভাসানে উজান’ নাটকের মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন পলাশ হেনড্রী সেন, সংগীত পরিচালনা করেছেন হামিদুর রহমান পাপ্পু, পোশাক পরিকল্পনায় এনাম তারা সাকি ও কোরিওগ্রাফি করেছেন রবিন বসাক। 

নাটকের উদ্বোধনী প্রদর্শনীতে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বরেণ্য অভিনেত্রী ফেরদৌসী মজুমদার।