Published : 04 Jul 2025, 02:27 PM
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনের মঞ্চে আসছে বডি পাপেট থিয়েটার পরিবেশনা ‘ইনভিজিবল স্টোরিজ’।
শুক্র ও শনিবার সন্ধ্যা ৭টায় পরিবেশনাটি মঞ্চস্থ হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আলিয়ঁস ফ্রঁসেজ দি ঢাকা।
প্রযোজনাটি নির্দেশনা দিয়েছেন ফরাসি পাপেটশিল্পী লহি ক্যানাক। এতে অভিনয় করবেন বাংলাদেশের মো. ফারহাদ আহমেদ ও লহি ক্যানাক।
প্রযোজনাটি বাংলাদেশ-ফ্রান্স যৌথ উদ্যোগে নির্মিত, যা আন্তসাংস্কৃতিক গল্প বলার বৈচিত্র্য ও সৃজনশীলতা তুলে ধরে বলে জানিয়েছে আয়োজকেরা।
ঢাকার প্রদর্শনী বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আসন পাওয়া যাবে।
ঢাকায় প্রদর্শনীর পর মো. ফারহাদ আহমেদ ও স্বাতী ভদ্র ‘ইনভিজিবল স্টোরিজ’ নিয়ে অগাস্টে ফ্রান্স সফরে যাবেন।

‘ইনভিজিবল স্টোরিজ’-এ দেখা যাবে, দুইজন বিজ্ঞানী ঢাকার প্রাত্যহিক জীবনে ভূতের প্রভাব নিয়ে গবেষণায় নিমগ্ন থাকেন। তাদের এই যাত্রা ধীরে ধীরে এক অতিপ্রাকৃত অভিযানে রূপ নেয়, যা তাদের নিয়ে যায় সুন্দরবনের গহীনে।
পরিবেশনাটি নানা ধর্ম ও লোককথা থেকে সংগৃহীত ভূতের গল্প ও অতিপ্রাকৃত বিষয়বস্তুকে নাচ, গান আর পাপেট্রির মাধ্যমে উপস্থাপন করা হচ্ছে।
লহি কানাক একজন পাপেট শিল্পী। যিনি ‘থিয়েটার: একোল দ্য পাসাজ’-এ নিলস অ্যারেস্ট্রাপ ও আলেকজান্দ্রে দেল পেরুজিয়ার অধীনে ক্লাসিক্যাল থিয়েটারে প্রশিক্ষণ নিয়েছেন।

পথনাটকের মাধ্যমে তিনি নিজের শিল্পনৈপুণ্য গড়ে তোলেন এবং ১৯৯৭ সালে কোম্পানি গ্রেন দ্য ভি প্রতিষ্ঠা করেন। এটি কল্পনাপ্রবণ, শারীরিক এবং আবেগনির্ভর পাপেট থিয়েটারের জন্য পরিচিত।
অন্যদিকে মো. ফরহাদ আহমেদ একজন নৃত্যশিল্পী, নৃত্য পরিচালক, থিয়েটার শিল্পী এবং পাপেটিয়ার। যিনি ২০১২ সাল থেকে প্রাচ্যনাট থিয়েটার এবং ২০১৪ সাল থেকে জলপুতুল পাপেটসের সাথে কাজ করছেন।