১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্কলাস্টিকার শিক্ষার্থীরা মঞ্চে আনছে ‘হীরক রাজার দেশে’

এই প্রযোজনার মধ্য দিয়ে স্কলাস্টিকার ‘এসটিএম হল’ উদযাপন করছে প্রতিষ্ঠার ২৫ বছর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2025, 03:40 PM

Updated : 26 Aug 2026, 02:36 PM

স্কলাস্টিকা আর্ট, ড্রামা, মিউজিক ও ডান্স ক্লাবের যৌথ আয়োজনে মঞ্চস্থ হতে যাচ্ছে সত্যজিৎ রায়ের ‘হীরক রাজার দেশে’।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা এবং শুক্রবার বিকাল ৪টা ও সন্ধ্যা ৬টায় স্কলাস্টিকা সিনিয়র ক্যাম্পাস উত্তরার এসটিএম হলে নাটকটির প্রদর্শনী হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই প্রযোজনার মধ্য দিয়ে স্কলাস্টিকার ‘এসটিএম হল’ উদযাপন করছে প্রতিষ্ঠার ২৫ বছর। নাটকটি নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন, সহ-নির্দেশনায় আছেন শাহীন সাইদুর।

নাটকটি উৎসর্গ করা হয়েছে স্কুলের প্রতিষ্ঠাতা প্রয়াত ইয়াসমিন মোর্শেদের স্মৃতির প্রতি।

সংগীত পরিচালনা করেছেন গাজী মুন্নাফ, পলাশ নাথ লোচন, ইলিয়াস খান। পোশাক ও সেট ডিজাইনে আছেন মাহজাবিন মাহবুব, কাজী নওরীন মিশা ও আয়েশা সিদ্দিকা।

প্রথম দিনের প্রদর্শনীতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ড্রামা ক্লাব ও ফ্লিম ক্লাবের সদস্যরা উপস্থিত থাকবেন। দ্বিতীয় দিনের প্রদর্শনীতে থাকবেন অভিনয়শিল্পী আবুল হায়াত, দিলারা জামান এবং আফজাল হোসেন।

স্কুলের অধ্যক্ষ ফারাহ সাফিয়া আহমেদ এবং হেড অব একাডেমিকস সাবিনা মোস্তাফা শুভেচ্ছা বক্তব্য দেবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “স্কলাস্টিকা বিশ্বাস করে— শিল্প, সাহিত্য ও নাট্যচর্চা শিক্ষার্থীদের মানবিকতা ও সৃজনশীলতার বিকাশ ঘটায়। এই প্রযোজনার মাধ্যমে শিক্ষার্থীরা দলগত কাজ, আত্মবিশ্বাস ও কল্পনাশক্তির এক অসাধারণ অভিজ্ঞতা অর্জন করবে।”