১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দুর্ঘটনায় একেন বাবু, কেমন আছেন অভিনেতা

অভিনেতা বলেন, “বাসচালক পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। আমি বাধা দিই।”

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2025, 12:47 PM

Updated : 26 Aug 2026, 05:15 PM

দুর্ঘটনার কবলে পড়েছেন ঢাকা-কলকাতা দুই বাংলার জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ‘একেন বাবু’ খ্যাত অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। 

কলকাতা শহরের চারু মার্কেট থেকে রাসবিহারি যাওয়ার পথে বাসের সঙ্গে ধাক্কা খায় তার গাড়িটি। এতে গাড়ির কাচ ভেঙেছে, দুমড়েমুচড়ে গেছে সামনের অংশও। তবে বাসচালক অনিবার্ণের ঘাড়েই দুর্ঘটনার দায় চাপিয়েছেন বলে ভাষ্য অভিনেতার।

তবে তিনি অক্ষত আছেন বলে কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজারকে শনিবার জানিয়েছেন অনির্বাণ।

অভিনেতা বলেন, “আমি ঠিক আছি। গাড়ির চালকও ঠিক আছেন।” 

দুর্ঘটনাটি কীভাবে ঘটলো জানতে চাইলে তিনি বলেন, “টালিগঞ্জ ব্রিজের নীচে ঘটেছে ঘটনা। আচমকাই একটি গাড়ি চলে আসে আমার গাড়ির সামনে। তাকে বাঁচাতে গিয়েই এই কাণ্ড। বাসের সঙ্গে ধাক্কা লাগে। বাসের চালক খুবই উদ্ধত আচরণ করেছেন আমার সঙ্গে। চালকের দাবি, তিনি সময়মতো ব্রেক না কষলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত। 

“দোষটা সম্পূর্ণ আমার ঘাড়েই দিয়েছেন সেই চালক। বাসচালক পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। আমি বাধা দিই।”

অভিনেতা জানিয়েছেন, প্রথমে টালিগঞ্জ থানা ও তার পরে চারুমার্কেট থানায় ঘটনা জানিয়ে অভিযোগ করেন তিনি। প্রশাসন যথেষ্ঠ সহযোগিতা করছে বলেও জানিয়েছেন অনির্বাণ। 

তিনি বলেন, “গাড়ির যা ক্ষতি হয়েছে, তা রাস্তায় চালানোর মতো অবস্থায় নেই।”

পুলিশ বলছে ঘটনাটি তদন্ত করা হচ্ছে।