ফিতাওয়ালা ক্যাসেটের দিন সোনালী ইতিহাস: শিরোনামহীনের জিয়া
শনিবার রাত ১২টায় প্রচার হবে নাইনটিজ মিউজিক স্টোরি অনুষ্ঠানটি।
‘শিরোনামহীন’ ব্যান্ডের গায়ক জিয়াউর রহমান জিয়ার কাছে নব্বইয়ের দশকের ফিতাওয়ালা ক্যাসেট এক সোনালী অধ্যায়। যুগের পরিবর্তন আর প্রযুক্তির কল্যাণে বিদায় হওয়া ওই সময়টি জিয়া মনে অনেকটা জায়গা দখল করে আছে বলে ভাষ্য এই গায়কের।
নব্বই দশকের শিল্পীদের গান ও গল্প নিয়ে অনুষ্ঠান ‘নাইনটিজ মিউজিক স্টোরির’ তৃতীয় পর্বে হাজির হয়ে এসব কথা বলেছেন জিয়া।
বিজ্ঞপ্তিতে মাছরাঙা টেলিভিশন জানিয়েছে, শনিবার রাত ১২টায় প্রচার হবে অনুষ্ঠানটি।
অনুষ্ঠানে ১৯৯৬ সালে বুয়েট ক্যাম্পাসে জন্ম নেয়া ‘শিরোনামহীন’ ব্যান্ডের পথচলা শুরুর সেই নস্টালজিক সময়ের গল্প বলবেন জিয়া।
এছাড়াও ব্যান্ডের নামকরণ, লাইনআপ, লিরিক, কম্পোজিশন, রেকর্ডিং, কনসার্ট নিয়ে স্মৃতিচারণ ও অভিজ্ঞতার নানা ঘটনার কথা তুলে ধরার কথা রয়েছেন তার।
জিয়া বলেন, "নাইনটিজ আমাদের কাছে বরাবরই নস্টালজিক একটা অধ্যায়। সেই ফিতাওয়ালা ক্যাসেটের দিনগুলো ছিল আমাদের সোনালী ইতিহাস। এ অনুষ্ঠানে সেই দিনের গল্পগুলো দর্শকদের সাথে শেয়ার করতে পেরে ভালো লাগবে।"
রিয়াদ শিমুলের গ্রন্থনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন এস এম হুমায়ুন কবির।
নব্বই দশকে যাত্রা শুরু করা ‘শিরোনামহীনের’ প্রথম অ্যালবাম ছিল ‘জাহাজী’। গানের কথা, সংগীতায়োজন এবং বৈচিত্র্যময় পরিবেশনার কারণে দলটি শ্রোতাদের বিশেষ নজর কাড়ে।
বর্তমানে দেশ ও দেশের বাইরে কনসার্ট নিয়ে ব্যস্ত সময় যাচ্ছে শিরোনামহীনের।
গত জুলাইয়ে প্রচার হয়েছে ব্যান্ডের নতুন গান ‘কতদূর’। ফেব্রুয়ারিতে এসেছিল গান ‘প্রিয়তমা’, যেটি ‘বাতিঘর’ অ্যালবামের একটি গান।
শিরোনামহীনের আরও চারটি গান মিউজিক ভিডিওসহ প্রস্তুত রয়েছে, যা খুব শিগগিরই প্রকাশ করার কথা রয়েছে। থাইল্যান্ড এবং ভারতের একাধিক লোকেশনে এই মিউজিক ভিডিওগুলোর দৃশ্যধারণ করা হয়েছে।
এছাড়া শিরোনামহীনের দর্শকপ্রিয় ‘এই অবেলায়’ গানের সিক্যুয়েল নির্মাণ করা হয়েছে, স্পনসরের সহযোগিতা পেলেই গানটি প্রকাশ করা হবে বলে জানিয়েছে দলটি।
শিরোনামহীনের লাইনআপে আছেন জিয়াউর রহমান, কাজী আহমেদ শাফিন, শেখ ইশতিয়াক, সাইমন চৌধুরী এবং সুদীপ্ত সিনহা দীপু।
