Published : 30 Aug 2026, 06:11 PM
প্রাতিষ্ঠানিক শিক্ষা ও প্রথার দেয়াল ভাঙার বার্তা নিয়ে প্রাচ্যনাট ‘অচলায়তন’ শিরোনামের যে নাটকটি এনেছিল, তাতে এবার যুক্ত হয়েছে ব্রিটিশ রক ব্যান্ড পিংক ফ্লয়েডের প্রতিবাদী গান ‘অ্যানাদার ব্রিক ইন দ্য ওয়াল’।
রোববার ও সোমবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় নাটকটির দুইটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
নাটকটির নির্দেশক আজাদ আবুল কালাম জানিয়েছেন, আধুনিক সময়ের সামাজিক ও শিক্ষাব্যবস্থার বাস্তবতার সাথে মিল রেখেই পিংক ফ্লয়েডের গানটি যুক্ত করা হয়েছে।
তিনি বলেন, পিংক ফ্লয়েডের ‘অ্যানাদার ব্রিক ইন দ্য ওয়াল’ গানটিতে যেভাবে শিশুদের এক ছাঁচে ঢালা ইটের মত বানানোর প্রতিবাদের কথা বলা হয়েছে, রবীন্দ্রনাথের ‘অচলায়তন’ এর মূল সুরও এক।
সময়ের সাথে সামঞ্জস্য রেখে নাটকের শেষ অংশে শিল্পীদের খালি কণ্ঠে ‘উই ডোন্ট নিড নো এডুকেশন, উই ডোন্ট নিড নো থট কন্ট্রোল’ চরণগুলো রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
অচলায়তন নাটকের গল্পে দেখা যায়, বহুদিন ধরে চলে আসা প্রথাকে কঠোর নিয়মে পালন করতে গিয়ে সময়ের আবর্তনে অচলায়তন বিদ্যায়তনের কোনো পরিবর্তন হয় না। এখানকার বিদ্যার্থীরাও কোনো প্রশ্ন ছাড়াই তাদের ওপর চাপিয়ে দেওয়া যাবতীয় নিয়ম ও অনুশাসন মেনে চলে।
এই বিদ্যায়তনের দুই শিক্ষার্থী পঞ্চক ও মহাপঞ্চক। আপন ভাই হলেও তাদের জীবনদর্শন বিপরীত। পঞ্চক বিদ্রোহী মনোভাবসম্পন্ন, সে সব গতানুগতিকতাকে প্রশ্ন করে এবং অচলায়তনের নিয়মতান্ত্রিকতার ত্রুটিসমূহকে চিহ্নিত করে।
অপরদিকে মহাপঞ্চক গতানুগতিক চিন্তাপ্রবাহে অন্ধভাবে বিশ্বাস করে এবং বিদ্যায়তনের সব নিয়মকেই বিনা প্রশ্নে অনুসরণ করে।
এই দুই ভাইয়ের মধ্যকার যে ইচ্ছার দ্বন্দ্ব তা আরও দৃঢ়ভাবে প্রকাশ হয় যখন অচলায়তনে একটি ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে শুধু নিয়মতান্ত্রিকতাকে অটুট রাখার স্বার্থে অনেক বড় বড় সিদ্ধান্ত নেওয়া হতে থাকে।
একসময় বাইরের বাস্তব জগত ও সেই জগতের মানুষদের সাথে অচলায়তনের বিদ্যার্থীদের পরিচয় ঘটে। যার মাধ্যমে পুরনো চিন্তার প্রাচীন দেয়াল ভেঙে পড়ে আর শুরু হয় নতুনের স্পন্দন।
নাটকটি নিয়ে বিজ্ঞপ্তিতে আজাদ আবুল কালাম বলেন, “অচলায়তন বিদ্যাপীঠকে আমরা কল্পনা করেছি একটি নারী শিক্ষাগৃহ হিসেবে। নারীকে কুসংস্কার আর নানা বিধিনিষেধের মধ্যে আটকে রাখার ষড়যন্ত্র এখনো বিদ্যমান। কখনো কখনো সেই ষড়যন্ত্রে নারী নিজেও যেন প্রত্যক্ষ অংশগ্রহণকারীর ভূমিকায় অবতীর্ণ হয়। দৃশ্যমান দুই বিপরীত গতির সম্মিলন ঘটানোর চেষ্টা আছে এ প্রযোজনায়।”
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সানজিদা প্রীতি, শাহানা রহমান সুমি, শাহেদ আলী, ফরহাদ হামিদ, জাহাঙ্গীর আলম, প্রদুত কুমার ঘোষ, চেতনা রহমান ভাষাসহ অনেকে।
মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন মো. সাইফুল ইসলাম। সঙ্গীত ভাবনায় রয়েছেন নীল কামরুল। কোরিওগ্রাফি করেছেন স্নাতা শাহরিন।
‘অচলায়তন’ নাটকের প্রথম মঞ্চে আসে ২০২৩ সালে।