'মিউজিক ক্যারিয়ার' গুটিয়ে ফেলার ঘোষণা তাহসানের
“মেয়ে বড় হচ্ছে, তার সামনে কী 'দূরে তুমি দাঁড়িয়ে' গাওয়া যায় নাকি।”
সংগীতযাত্রার রজতজয়ন্তী উদযাপন করতে অস্ট্রেলিয়ায় সফরে গিয়ে, গান থেকে বিদায়ের ইঙ্গিত দিয়েছেন সংগীত শিল্পী ও অভিনেতা তাহসান খান।
‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’ এখন অস্ট্রেলিয়ায় আছে, সেখানকার পাঁচটি শহরে কনসার্টের পরিকল্পনা আছে দলটির। ২৭ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার পার্থ শহরে তাদের শেষ কনসার্ট।
এর মধ্যে শনিবার মেলবোর্নের একটি কনসার্টে তাহসান বলেছেন, আস্তে আস্তে সংগীত ক্যারিয়ার থেকে নিজেকে গুটিয়ে নেবেন তিনি। কনসার্টের ওই ভিডিও সোশাল মিডিয়ায় ঘুরছে।
ভিডিওতে দেখা গেছে তাহসান বলেন, "অনেক জায়গায় লেখালেখি হচ্ছে এটাই আমার লাস্ট কনসার্ট, লাস্ট কনসার্ট তো আর না, লাস্ট শো। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলব।"
যখন উপস্থিত দর্শক তাহসানের কথায় প্রতিক্রিয়া জানাচ্ছিলেন তখনও মজা করে তাহসান বলেন, "এটা খুব স্বাভাবিক, এখন দাঁড়ি রেখে স্টেজে দাঁড়িয়ে লাফালাফি করতে ভালো লাগে না। আর মেয়ে বড় হচ্ছে, তার সামনে কী 'দূরে তুমি দাঁড়িয়ে' গাওয়া যায় নাকি।”
এর আগে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার খবর জানিয়ে ফেইসবুকে পোস্টে তাহসান লিখেছিলেন, 'শেষবারের মত অস্ট্রেলিয়ায়'।
কনসার্টে তাহসান আরও বলেন, "অভিনয় থেকে বিরতি নেওয়া শুরু করেছি বেশ কয়েক বছর হয়ে গেল। গান থেকেও বিরতি নেওয়া শুরু করেছি। এই রাতটি হয়ত আপনাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। আর হয়ত আসা হবে না মেলবোর্ন। বাট, আই উইল মিস ইউ।"
তাহসান জানিয়েছেন, তিনি তার সব সোশাল মিডিয়া অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দিয়েছেন।
অর্থাৎ ভক্তরা আর আগের মত তাকে ফেইসবুক, ইনস্টাগ্রাম বা অন্য কোনো মাধ্যমে দেখতে পাবেন না।
বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে তাহসানের পথচলা শুরু। এরপর ১৯৯৯ সালে ‘ব্ল্যাক’ ব্যান্ডে যুক্ত হন এই শিল্পী।
২০০৪ সালে ব্ল্যাক ছেড়ে মনোযোগ দেন একক ক্যারিয়ারে। প্রকাশ পায় তাহসানের প্রথম একক অ্যালবাম ‘কথোপকথন’। ওই অ্যালবামের ‘ঈর্ষা’, ‘চতুর্থ মাত্রা’, ‘বৃত্তাল্পনা’, ‘কথোপকথন’ গানগুলো বেশ জনপ্রিয়তা পায়।
এরপর আসে তাহসানের আরও একটি অ্যালবাম- ‘কৃতদাসের নির্বাণ’। এতে ছিল ‘প্রেমমাতাল’, ‘কাদা’সহ আরো কিছু গান।
এই অ্যালবাম প্রকাশের পর তাহসানকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। তবে ধীরে ধীরে অভিনয়ে মনোযোগী হন তাহসান। কাজ করেছেন বিজ্ঞাপনে; অভিনয় করেছেন নাটক, সিনেমা, ওয়েব সিরিজে।
সবশেষে গেল বছরে ‘বাজি’ নামের ওয়েব সিরিজে অভিনয় করেছেন তাহসান।
