Published : 17 Aug 2025, 12:47 PM
সময়সূচি না মেলায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দেওয়া মর্যাদাপূর্ণ শিল্প সম্মাননা ‘কেনেডি সেন্টার অনার’ গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন হলিউড তারকা টম ক্রুজ।
হলিউড রিপোর্টার লিখেছে, প্রেসিডেন্ট ট্রাম্প এবং ক্রুজকে এক মঞ্চে আনা সত্যি সত্যিই ‘মিশন ইম্পসিবল’ ছিল; এবং শেষ পর্যন্ত সেটি ইম্পসিবলই থেকে গেল।
বক্স অফিসের হিসাবে হলিউডে সবচেয়ে ব্যবসাসফল সিনেমা ফ্র্যাঞ্চাইজগুলোর একটি হচ্ছে 'মিশন ইম্পসিবল', যেখানে কেন্দ্রীয় চরিত্র ইথান হান্টের ভূমিকায় অভিনয় করেছেন ক্রুজ। টম ক্রুজ এই সিরিজের প্রযোজকও।
কেনেডি সেন্টার, সম্মাননা পেতে চলা ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে। যেখানে ক্রুজের সঙ্গে রয়েছেন অভিনেতা সিলভেস্টার স্ট্যালন ও কান্ট্রি মিউজিক তারকা জর্জ স্ট্রেইট।
তালিকায় আরও আছেন ডিস্কো ডিভা গ্লোরিয়া গেনর, রক ব্যান্ড কিস ও ব্রিটিশ নাট্যকর্মী মাইকেল ক্রফোর্ড, যিনি ব্রডওয়ের জনপ্রিয় মিউজিক্যাল ‘ফ্যান্টম অব দ্য অপেরা’র প্রধান চরিত্রে অভিনয় করে খ্যাতি কুড়িয়েছিলেন।
কেনেডি সেন্টারের কয়েকজন বর্তমান ও সাবেক কর্মী জানিয়েছেন, কেবল সময়সূচি না মেলায় ক্রুজ এই সম্মাননা গ্রহণে রাজি হননি। বিষয়ে টম ক্রুজ কিংবা তার মুখপাত্র এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।

প্রতিবছর ডিসেম্বরের শুরুতে আয়োজন করা হয় কেনেডি সেন্টারের এই অনুষ্ঠান। এবারেও এই সম্মাননা অনুষ্ঠান হবে আগামী ৭ ডিসেম্বর, যা পরে সিবিএস টিভিতে প্রচারিত হয়। তবে এবার ট্রাম্প নিজেই অনুষ্ঠানের সঞ্চালনার ঘোষণা দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের শীর্ষ পারফর্মিং আর্টস ভেন্যুগুলোর একটি কেনেডি সেন্টার। যা প্রয়াত প্রেসিডেন্ট জন এফ কেনেডির স্মৃতিতে নির্মিত।
ক্রুজ সবশেষ পর্দায় এসেছেন ‘মিশন: ইমপসিবল-দ্য ফাইনাল রেকনিং’ সিনেমায়। এছাড়া চলচ্চিত্রে অবদানের জন্য ক্রুজ আরেকটি মর্যাদাপূর্ণ পুরস্কার পাচ্ছেন।
গেল জুনে অস্কারের আয়োজক সংস্থা ‘অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস’ জানিয়েছে, ১৬ নভেম্বর গভর্নস অ্যাওয়ার্ডসে ক্রজকে সম্মানসূচক অস্কার দেওয়া হবে।