Published : 10 Aug 2026, 11:18 AM
পারিবারিক জীবন, সম্পর্কের টানাপোড়েন ও মানবিক মূল্যবোধ- ‘বিরোধ’ ও ‘তবুও জীবন’, পর্দায় আসা দুই ধারাবাহিকের এসবই হল উপজীব্য।
বাংলাদেশ টেলিভিশনে দেখা যাচ্ছে নাটক দুইটি। বিজ্ঞপ্তিতে বিটিভি জানিয়েছে, রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত রাত ৯টায় প্রচার হচ্ছে 'বিরোধ'; আর সাড়ে ৯টায় 'তবুও জীবন' নাটকটি দেখা যাচ্ছে।
একান্নবর্তী পরিবারের গল্পে 'বিরোধ'
একান্নবর্তী পরিবারের গল্প নিয়ে নির্মিত হয়েছে 'বিরোধ' ধারাবাহিকটি। এটি রচনা করেছেন সাজ্জাদ হোসেন দোদুল। আর প্রযোজনা করেছেন মামুন মাহমুদ।
নাটকের গল্পে দেখা যাবে, অর্থ ও ক্ষমতার অহংকারে অন্ধ মির্জা কামাল একসময় নিজের পরিবারকেই ধ্বংসের মুখে ঠেলে দেয়। অতীতের অন্যায়, ষড়যন্ত্র, ভুল সিদ্ধান্ত ও পারিবারিক অবহেলার প্রভাব পড়ে পরবর্তী প্রজন্মের ওপর।
প্রতিহিংসা, অবিশ্বাস ও সংঘাতের মধ্য দিয়ে পরিবারের সদস্যরা নিজেদের মানবিক সত্তা হারাতে থাকে। তবে শেষ পর্যন্ত তারা উপলব্ধি করে ক্ষমতা বা প্রতিশোধ নয়, ভালোবাসা, ক্ষমা, পারিবারিক বন্ধন এবং সঠিক মূল্যবোধই একটি পরিবারকে টিকিয়ে রাখার মূল শক্তি।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারজানা ছবি, তন্ময় সোহেল, কায়েস আরজু, সমাপ্তি মাশুক, নাদিয়া মিম, ইমু শিকদার, সুব্রত চক্রবর্তী, শিবা শানু, মিলি বাসার, আরজুমান্দ আরা বকুল, আজম খান, জুলফিকার চঞ্চল।
'তবুও জীবন': তুলে ধরছে জীবনসংগ্রাম ও টানাপোড়েন
ছোট, একক ও যৌথ তিন পরিবারের গল্প নিয়ে তৈরি নাটক 'তবুও জীবন'। ধারাবাহিকটি রচনা করেছেন সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড, প্রযোজনা করেছেন মো. নাসির উদ্দিন।
এই নাটকে অভিনয় করেছেন দীপা খন্দকার, সাব্বির আহমেদ, নুসরাত জান্নাত রুহি, কবির টুটুল, সুমনা সোমা, দিলরুবা দোয়েলসহ অনেকে।
নাটকটির চিত্রনাট্য নিয়ে ডায়মন্ড এর আগে গ্লিটজকে বলেন, তিনটি পরিবারের গল্প দেখানো হচ্ছে। একটি হচ্ছে শহরে বাস করা একক পরিবার, আর দুটি হল যৌথ পরিবার আর ছোট আরেকটি পরিবার। তিনটি পরিবারের জীবনযাপনের গল্পে এগিয়ে যাবে নাটকটি। তাদের জীবনসংগ্রাম আর সম্পর্কের নানা টানাপোড়েনের গল্প উঠে আসবে ধারাবাহিকটিতে।
একটি পরিবারে দেখানো হবে কাজের লোকের কাছে সন্তানকে রেখে কাজে যায় মা-বাবা। কিন্তু কাজে গিয়েও সারাক্ষণ দুশ্চিন্তায় ভোগে সন্তানকে নিয়ে। এতে দম্পতির চরিত্রে অভিনয় করেছেন সাব্বির আহমেদ ও দীপা খন্দকার।
অন্যদিকে, একটি যৌথ পরিবারের সদস্যরা সবাই একসঙ্গে থাকার জন্য নানা সংগ্রাম করে যায়। এই পরিবারে আছেন দিলরুবা দোয়েল রুহি, কাজল মজুমদার, রাশেদা আক্তার, অহিদা সাবরিনাসহ অনেকে।
উন্নত জীবনের আশায় গ্রাম থেকে শহরে আসা এক দম্পতির কাহিনী রয়েছে আরেকটি অংশে। এতে অভিনয় করেছেন কবির টুটুল ও সুমনা সোমা।
নির্মাতা জানিয়েছেন, নাটকে জীবনের নানা বাস্তবতা, পারিবারিক দায়বদ্ধতা এবং মানবিক সম্পর্কের সূক্ষ্ম দিকগুলো তুলে ধরার চেষ্টা করেছেন তিনি।