Published : 18 Dec 2025, 05:37 PM
বান্দরবানের ম্রো আদিবাসীদের অংশগ্রহণে ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজ শুরু হয়েছে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক উৎসব 'পাওমুম পার্বন ২০২৫-লামা'।
বুধবার শুরু হওয়া এ উৎসব ম্রো ভাষা, শিল্পকলা, সংগীত ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি রাজধানীতে প্রথমবারের মত আদিবাসী শিশুদের সৃজনশীল কাজ প্রদর্শনের সুযোগ করে দিয়েছে বলে আয়োজকদের ভাষ্য।

উৎসবে শিশুদের তৈরি শিল্পকর্ম, বাঁশের কারুশিল্প, ফটোগ্রাফি, বুননের প্রদর্শনী, শর্ট ফিল্ম এবং লাইভ পারফরম্যান্স–যেমন ম্রো নৃত্য, গান ও ঐতিহ্যবাহী প্লাং বাঁশি উপস্থাপন করা হচ্ছে।
এছাড়া সপ্তাহজুড়ে বিভিন্ন কর্মশালা, গাইডেড ট্যুর এবং সম্প্রদায়ভিত্তিক সংলাপ ত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
লামায় অবস্থিত পাওমুম থারক্লা একটি সম্প্রদায়নির্ভর বিদ্যালয়, যা গত দশ বছরের বেশি সময় ধরে ম্রো ভাষা, সাংস্কৃতিক চর্চা এবং শিশু শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে।
উৎসবে অংশ নেওয়া অনেক শিশুর জন্য এটাই পাহাড়ের বাইরে তাদের জীবনের প্রথম অভিজ্ঞতা।

পাওমুম থারক্লার সহ-প্রতিষ্ঠাতা, শাহরিয়ার পারভেজ বলেন, “আমাদের স্কুলটি শুরু হয়েছিল একটি ছোট বাঁশের ঝুপড়িতে, মাত্র কয়েকজন শিশুকে নিয়ে। এক দশকের বেশি সময় ধরে আমরা শিক্ষার মাধ্যমে তাদের ভাষা ও সাংস্কৃতিক পরিচয় রক্ষার কাজ করে যাচ্ছি।
“‘পাওমুম পার্বন ২০২৫’ শিশুদের জন্য একটি অনন্য সুযোগ, যাতে তারা পাহাড়ের বাইরে নিজেকে তুলে ধরতে পারে। আমরা সমস্ত অংশীদারের প্রতি কৃতজ্ঞ, যারা এই যাত্রাকে সম্ভব করেছেন।”
২৪ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা (রোববার বন্ধ) উৎসব চলবে। দর্শকরা প্রদর্শনী ঘুরে দেখার পাশাপাশি শিশু ও সম্প্রদায়ের সঙ্গে মিশে ম্রো জনগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য উপভোগ করতে পারবেন।

এই আয়োজনের অংশীদারদের মধ্যে রয়েছে প্রাচ্যনাট থিয়েটার (থিয়েটার পার্টনার), টুগেদার ফর বাংলাদেশ (ইভেন্ট ম্যানেজমেন্ট ও ভলান্টিয়ার পার্টনার), ঝিড়ঝিড় প্রাইভেট লিমিটেড (কনসার্ট পার্টনার), গ্রাম চা ইনিশিয়েটিভ (ফুড পার্টনার) এবং কার্টুন পিপল (প্রদর্শনী ও ডেকোরেশন পার্টনার)।
আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা এই উৎসবের আয়োজন করছে ভেন্যু ও লজিস্টিকস পার্টনার হিসেবে।