Published : 13 Feb 2025, 03:04 PM
বাবার মতো চলচ্চিত্রেই বিচরণ নন্দিত নির্মাতা আমজাদ হোসেনের ছেলে সোহেল আরমানের; প্রায় তিন দশক ধরে রূপালি পর্দার জগতেই কাজ করছেন তিনি। পর্দার পেছনের কাজে সাময়িক বিরতির পর এবার আসছেন নতুন সিনেমা নিয়ে।
অভিনয় চালিয়ে যাওয়ার মধ্যে এর আগে একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন সোহেল আরমান, আরেকটির কাজ রয়েছে মাঝামাঝি পর্যায়ে। মাঝে বড় পর্দায় সিনেমা নির্মাণে বিরতি নিলেও ক্যারিয়ারের তৃতীয় চলচ্চিত্রের কাজ শুরু করার কথা বললেন তিনি।
নতুন এ সিনেমার নাম ’সংবাদ’, যাতে অভিনয় করবেন ইরফান সাজ্জাদ, আইশা খান ও সোহেল মন্ডল। আগামী সপ্তাহে সিনেমাটির মহরতের মাধ্যমে শুটিংয়ের পরিকল্পনা ও বিস্তারিত জানানো হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন সোহেল আরমান।
অভিনেতা ও পরিচালনা- এ দুই পরিচয়ের বাইরে সোহেল আরমান নাট্যকার ও গীতিকারও। জনপ্রিয় নায়ক শাকিব খান ও আফসানা আরা বিন্দুকে জুটি করে ২০১৫ সালে নির্মাণ করেন ক্যারিয়ারের প্রথম চলচ্চিত্র ‘এই তো প্রেম’।
মুক্তিযুদ্ধের গল্পে নির্মিত তার প্রথম ওই চলচ্চিত্র সেসময় দর্শকমহলে বেশ সাড়া ফেলে। সিনেমাটির ‘হৃদয়ে আমার বাংলাদেশ’ ও ‘আমি তোমার মনের ভিতর’ শিরোনামের গান দুটি আজও মানুষের মুখে মুখে।
দ্বিতীয় চলচ্চিত্র ‘ভ্রমর’র বাকি থাকা ৪০ শতাংশ কাজ অচিরেই শেষ করতে চান এই নির্মাতা।
তৃতীয় সিনেমার গল্প প্রসঙ্গে এই নির্মাতা বলেন, গল্পটা অনেক পুরনো, ১৮৭২ সালের। সে সময়ের জমিদার বাড়ির একটি জিনিস হারানোর ঘটনার গল্পকে কেন্দ্র কর এটি নির্মাণ করা হবে।
”তবে প্রেমের নয়, একটা গ্রামের গল্প। জমিদার বাড়ির চুরি যাওয়া গল্প যেটা পেয়েছি এক সাংবাদিকের মাধ্যমে। আপাতত এটুকুই। বাকিটুকু খুব শিগগিরই সংবাদ সম্মেলন করে জানাব।"
অভিনেতা ইরফান সাজ্জাদ বলেন, "অনেক দিন পর নতুন সিনেমায় যুক্ত হয়েছি। একেবারে নতুন একটি চরিত্রে দেখা যাবে আমায়। জমিদারদের শাসন ও শোষণ এ গল্পে তুলে ধরা হবে। এ সময়ের দর্শকদের কথা চিন্তা করে গল্পটি তৈরি করেছেন আরমান ভাই। গল্পটি আমার অনেক বেশি ভালো লেগেছে। চ্যালেঞ্জিং একটি চরিত্র। আশা করছি, সবার পছন্দ হবে।"
অভিনেত্রী আইশা খান বলেন, "আমি খুবই এক্সাইটেড যে খোকন ভাইয়ের গল্পে সোহেল আরমান ভাইয়ের নির্দেশনায় কাজ করব। সোহেল আরমান ভাই এরই মধ্যে নির্মাতা হিসেবে নিজেকে চিনিয়েছেন। আমি তার লেখার ভীষণ ভক্ত। গল্পটা অনেক সুন্দর যার কারণে কিছু চিন্তা না করেই কাজটি করতে রাজি হয়েছি। সবকিছু মিলিয়ে না বলতে পারিনি। আশা করি, তার নির্মাণের মধ্যে দিয়ে দর্শক ভালো কিছু পেতে যাচ্ছে। আর আমার চরিত্রে চমক আছে, যা সিনেমাটি মুক্তি পেলে দর্শক দেখতে পারবে।"
আরেক অভিনেতা সোহেল মন্ডল বলেন, "এটি একটি সম্পর্কের গল্প। এর আগে এ ধরনের চরিত্রে কাজ করিনি। সোহেল আরমান ভাইয়ের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। এই মুহূর্তে চরিত্র নিয়ে কিছু বলা যাবে না। এটা দর্শকদের জন্য চমক থাকবে।"
সিনেমাটির গল্প লিখেছেন এন এ খোকন। প্রযোজনাও করেছেন তিনি। চিত্রনাট্য করেছেন সোহেল আরমান নিজেই।
আগামী ১ জুন শুরু হয়ে ১৩ জুন পর্যন্ত প্রথম লটের শুটিং চলবে বলে জানান নির্মাতা। তিনি বলেন, একই মাসের ২১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত একটানা কাজ করে শেষ হবে সিনেমার পুরো দৃশ্য ধারণ।