১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কাচ ভেঙে লোহার রড ঢুকে যায় গাড়ির ভেতরে: বিবেক

“কিন্তু আমার গায়ে একটা আঁচড় লাগেনি।’’

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2025, 10:50 PM

Updated : 26 Aug 2026, 05:10 PM

সিনেমার দৃশ্যধারণের কাজে কমবেশি চোট পেয়ে থাকেন প্রায় সব নায়কই। ঝুঁকির দৃশ্যে কাঁধে বা হাতে চোট পেয়ে অস্ত্রোপচারের টেবিলে শাহরুখ খানকে যেতে হয়েছে বেশ করেকবার। সেটে বিস্ফোরণের ঘটনায় চোখ হারাতে বসেছিলেন কার্তিক আরিয়ান। এমনকি মোটরসাইকেল চালানোর সময় ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়ে একসঙ্গে হাসপাতালবাস হয়েছিল অভিনেতা ও পরিচালক বিবেক ওবেরয় ও মণি রত্মমের। 

ফের আরেকটি দুর্ঘটনার কথা সামনে এনেছেন বিবেক। 

হিন্দুস্তান টাইমস লিখেছে, এক সাক্ষাৎকারে বিবেক বলেন, ২০০২ সালে তারা রাজস্থানে একটি সিনেমার শুটিং করছিলেন। বিকানের থেকে জৈসলমের যাচ্ছিলেন গাড়িতে। চওড়া রাস্তায় একেবারে মসৃণ গাড়ি চালাতে বিন্দুমাত্র অসুবিধে হওয়ার কথা নয়। ফলে গাড়ির চালক গাড়ির গতি বাড়িয়ে দেন। 

বিবেক বাধা দিলেও চালক নাকি কথা শুনতে চাননি। 

তিনি বলেন, “আমি চালকের পাশের আসনে। মধ্যরাতে একটু চোখ লেগে যায়। আচমকা বিকট শব্দ করে গাড়ি দাঁড়িয়ে পড়ে। চোখ খুলতেই দেখি মাথার উপরে লোহার রড। গাড়ির কাচ ভেঙে ঢুকে গিয়েছে। কিন্তু আমার গায়ে একটা আঁচড় লাগেনি।’’ 

বিবেক বলেন, উটবোঝাই গাড়ি থেকে লোহার রড বেরিয়ে এই বিপত্তি ঘটে। একচুল এদিক ওদিক হলেই তার বুকে সেই রড গেঁথে যেতে পারত।

সে দিন বড় বিপদের হাত থেকে রক্ষা পান। তার পর থেকে কখনও রাতে কোথাও দূরের যাত্রা করেন না বলে জানিয়েছেন এই অভিনেতা।